সান্তাহারে বিদ্যুৎ কার্যালয়ে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে দেরির অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বশিপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বশিপুর প্রামাণিকপাড়ার শতাধিক বিদ্যুৎ গ্রাহক।দুপুর সোয়া ১২টার দিকে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে চড়াও হন। এ সময় বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাপ্রহরী বেলায়েত হোসেন ও উপসহকারী প্রকৌশলী শাহ আলম আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুরে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, কাউন্সিলর মজিবর রহমানসহ অন্যরা বৈঠকে বসেন। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি। তবে হামলায় নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আবাসিক প্রকৌশলী জিল্লুর রহমান জানিয়েছেন।