সান্তাহারে বেড়েই চলেছে অবৈধ স্থাপনা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার সান্তাহার-বগুড়া বাইপাস সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল অব্যাহত থাকলেও জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট না পাওয়ায় উচ্ছেদ কার্যক্রম চালানো যাচ্ছে না।বগুড়া জেলা প্রশাসকের কাছে দুবার চিঠি দিয়েও ম্যাজিস্ট্রেট পাওয়া যায়নি বলে সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে।সওজ সূত্র জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সান্তাহার-বগুড়া সড়কের পাশে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমান সরকারের আমলে সান্তাহার পৌরসভাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সড়কের পাশে সওজের জায়গায় স্থাপনা তৈরি করে। সান্তাহার শহর থেকে আদমদীঘি বাজার পর্যন্ত সওজের জায়গায় দোকানপাটসহ প্রায় আড়াই শ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এ কারণে ওই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান উচ্ছেদ অভিযানের জন্য বগুড়া জেলা প্রশাসক বরাবর একজন ম্যাজিস্ট্রেট চেয়ে গত ২৬ সেপ্টেম্বর আবেদন করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট না পাওয়ায় বন্ধ রয়েছে উচ্ছেদ কার্যক্রম। তিনি জানান, এর আগে গত ১৫ জুলাই জেলা প্রশাসকের কাছে আবেদন করেও ম্যাজিস্ট্রেট পাওয়া যায়নি।এ ব্যাপারে গত সোমবার মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রশাসক সারোয়ার মাহামুদ ব্যস্ততার কারণ দেখিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। তবে পরে কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।