সান্তাহারে বৈদ্যুতিক তার চুরি বন্ধে অসহায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরে বৈদ্যুতিক তার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশ এই চুরি বন্ধে প্রায় অসহায় হয়ে পড়েছে।জানা গেছে, গত ছয় মাসে শহরের শতাধিক বাসা এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। প্রায় প্রতি রাতে শহরের বিভিন্ন মহল্লা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিসে তার চুরির ঘটনা ঘটছে।শহরের সাতাঁহার এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, গত তিন মাসে তাঁর বাড়িসহ এলাকার মৃত সৈয়দ আলী আহম্মেদের বাসায় তিনবার তার চুরির ঘটনা ঘটেছে। একইভাবে মহল্লার সেকেন্দার আলী, মজিবর, সালাউদ্দীন, সানোয়ার হোসেন, নূর ইসলামের বাসাসহ একাধিক বাসার সার্ভিস তার চুরি হয়েছে। গত মাসে শহরের নতুন বাজার এলাকার ফজলুর রহমান এবং শেখ জুয়েলার্স এবং সান্তাহারে বিএইচ মাল্টিপারপাস কোল্ড স্টোর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তার চুরি হয়েছে। চাতাল ব্যবসায়ী জগন্নাথ জানান, চোরেরা একাধিকবার তার কারখানার সংযোগ তার চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করেও কোনো লাভ হয়নি।সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টি এস আই মাহাবুবুল আলম বলেন, চোরেরা এসব মালামাল শহরের বিভিন্ন ভাঙারি মালামালের দোকানে বিক্রি করে। এই তার চুরির ব্যবসাকে কেন্দ্র করে শহরে প্রায় অর্ধশতাধিক ভাঙারি মালামালের দোকান গড়ে উঠেছে। গত ঈদের আগে পুলিশ শহরের নতুন বাজারের আবদুল খালেকের ভাঙারি দোকান থেকে বিএইচ মাল্টিপারপাস কোল্ড স্টোরের চুরি যাওয়া তার উদ্ধার করে এবং তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। শহরের এই একটি বিষয় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।