সান্তাহারে যুবলীগ ও পরিবহনশ্রমিক সংঘর্ষ, আহত ১০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অটোরিকশার এক চালককে আটকে মারধর করায় গতকাল সোমবার যুবলীগ ও পরিবহনশ্রমিকদের দুই পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ছাড়া পরিবহনশ্রমিকেরা বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সড়ক প্রায় আট ঘণ্টা অবরোধ করে রাখেন।
এ ঘটনার জের ধরে শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে সান্তাহার পৌর যুবলীগ থেকে রুহুল ঢালীকে বহিষ্কার করা হয়েছে বলে পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক হোসেন আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
জানা গেছে, সান্তাহার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল আমিন ঢালি গত রোববার সন্ধ্যায় ট্রাকচালক সমিতির সদস্য ও অটোরিকশাচালক আবুল কালামকে ধরে তাঁর নিজস্ব কার্যালয়ে নিয়ে বেদম মারধর করেন। এ ঘটনায় বাস, ট্রাক ও অটোরিকশার ক্ষুব্ধ শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রুহুল ঢালিকে তাঁর কার্যালয় থেকে ধরে এনে মারধর করেন এবং ট্রাকচালক ইউনিয়ন কার্যালয়ে আটকে রাখেন। পরে শ্রমিক নেতাদের শান্তিপূর্ণ মীমাংসার আশ্বাসে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সকাল ১০টার দিকে রুহুলের লোকজন আবার ট্রাকচালক কার্যালয়ে হামলা চালান এবং ভাঙচুর, লুটপাট ও মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেলক্রসিং গেটে ও সান্তাহার বাইপাস সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে সড়ক অবরোধ করেন।
আদমদীঘির ইউএনও রাসেল মনজুর জানান, সন্ধ্যা সাতটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।