সান্তাহারে রেলওয়ের ৭০০ বাসা বেদখল
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন এলাকায় রেলওয়ের প্রায় ৭০০ বাসা (কোয়ার্টার) অবৈধ দখলে চলে গেছে। অবৈধ দখলদারদের কাছ থেকে অনেকে মোটা অঙ্কের টাকায় বাসা কিনে সেখানে বসবাস করছেন। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা রেলওয়ের স্থানীয় প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একের পর এক বাসা বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে।
রেলওয়ের স্থানীয় প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সান্তাহারে রেলওয়ের ৯০৮টি বাসার মধ্যে ৭০০ বাসায় বাস করছেন রেলওয়ের কর্মচারী নন এমন ব্যক্তিরা। রেলওয়ে জংশন শহর হওয়ায় স্বাধীনতার আগে এখানে ছয়টি মহল্লায় রেলওয়ের প্রায় দেড় হাজার বাসা ছিল। স্বাধীনতা যুদ্ধে এ শহরে বিপুল সংখ্যক বিহারি রেল কর্মচারী মারা গেলে কয়েক শ বাসা খালি হয়ে যায়। আশির দশকে গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে অনেক কর্মচারী অবসরে গেলে শহরে আরও শতাধিক বাসা কর্মচারীশূন্য হয়। এরপর থেকে শুরু হয় একের পর এক বাসা দখলের প্রতিযোগিতা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ইয়ার্ড কলোনি মহল্লায় ২০০ বাসার মধ্যে রেলওয়ের কর্মচারী থাকেন মাত্র ২২টি বাসায়। ওই মহল্লার বাসিন্দা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য সেন্টু রহমান বলেন, যাঁরা অবৈধ তারাই ভালো আছেন। কারণ তাদের তো কোনো ভাড়া দিতে হয় না। কিন্তু আমরা ভাড়া দিয়ে বসবাস করলেও রেলওয়ের কোনো সুযোগ-সুবিধা পাই না।’
রেলওয়ের বুকিং কর্মচারী আবদুল আজিজ বলেন, এক কক্ষের একটি বাসার জন্য মূল বেতনের ১০ ভাগ এবং দুই কক্ষের বাসার জন্য ৫৫ ভাগ টাকা ভাড়া বাবদ দিতে হয়। এ কারণে বেশির ভাগ কর্মচারী বাসা না নিয়ে অন্যত্র বাস করেন।
অবৈধ দখলদার রফিকুল আলম ও সাজ্জাদ হোসেন বলেন, প্রতিটি বাসা দখল ও কেনাবেচার সঙ্গে রেলওয়ের প্রকৌশল ওই বিভাগের কিছু সংখ্যক কর্মচারী ও সব আমলেই সরকারি দলের লোকজন জড়িত থাকেন। তাঁরা আরও জানান, তাঁদের দখলে থাকা বাসা ১০-১৫ হাজার টাকায় কিনেছিলেন। বর্তমানে এসব বাসা ৬০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হচ্ছে। অনেক বাসার পাশের খোলা জায়গাও কেনাবেচা হচ্ছে। আর এসব জায়গায় গড়ে উঠছে বস্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবলীগের এক নেতা বলেন, কোনো বাসা খালি হওয়ামাত্র বাসা নিয়ন্ত্রণকারী দপ্তর উর্ধ্বতন উপসহকারীর কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর দুই পক্ষ বসে দাম ঠিক করে বাসা মৌখিকভাবে বিক্রি করে দেন। এই প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা-কর্মচারীরা এরপর ক্রেতাকে ওই বাসার সদর দরজায় তালা লাগিয়ে দিতে বলেন। পরে ওই তালায় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয় থেকে সীলগালা করে দেওয়া হয়। ক্রেতাকে এরপর তালা খুলে বাসার দখল নিতে বলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ের এসব বাসায় বর্তমানে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ বসবাস করছেন। রেলওয়ের অনেক কর্মচারী অবসর নেওয়ার পর বাসা দখলে নিয়ে বসবাস করছেন।
রেলওয়ের সান্তাহার কার্যালয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) মামুন-উর-রশিদ প্রায় ৭০০ বাসা বেদখল হওয়ার কথা নিশ্চিত করে বলেন, তিনি ছয় মাস আগে এখানে যোগদান করেছেন। বাসা কেনাবেচা এবং দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, দখল হওয়া বাসা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-২) আহমেঞ্চদ মাসুমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের বাসা দখল হয়ে যাওয়ার বিষয়ে তাঁর দপ্তরে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।