সান্তাহারে রেলওয়ের জমি দখল, নেপথ্যে আ.লীগের নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্রায় এক একর জমি দখল করা হয়েছে। আরও জমি দখল করে ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। দুস্থদের পুনর্বাসনের নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা টাকার বিনিময়ে রেলওয়ের জমিতে লোকজনদের ঘর করার সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ বাদী হয়ে ২৪ নভেম্বর আবদুল সাত্তার, এনামুল, মোমেনা, মোতালেব, রেজিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেছেন। সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, স্থানীয় সরকারদলীয় একটি চক্রের বাধার কারণে তিনি অবৈধ দখলদারদের দখল-প্রক্রিয়া বন্ধ করতে পারছেন না। তিনি অভিযোগ করেন, পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁকে ডেকে নিয়ে যাঁরা ঘর তৈরি করছেন তাঁদের বাধা দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, মামলা দায়ের হলেও পুলিশ এ পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জার্জিস আলম স্টেশনের সাহেবপাড়া এলাকায় রেলওয়ের প্রায় এক একর জমি দখলে নিয়ে লোকজনকে ঘর করার সুযোগ দিয়েছেন। ২২ নভেম্বর থেকে সেখানে তাঁরা ঘর তোলা শুরু করেন। এ ছাড়া তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য খায়রুল আলমসহ যুবলীগের কতিপয় কর্মী ওই এলাকায় রেলওয়ের একটি কোয়ার্টার দখল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের ব্যানার টাঙিয়ে দখল করে রেখেছেন। বর্তমানে ওই কোয়ার্টারের আশপাশের বিশাল জায়গা বেড়া দিয়ে ঘিরে দখল করে রেখেছেন তাঁরা। গত রোববার সরেজমিন দেখা গেছে, সেখানে রেলওয়ের জায়গায় ১৫-২০টি ঘর। আরও পাঁচ-সাতটি ঘর নির্মাণের জন্য সরঞ্জাম এনে রাখা হয়েছে। জানতে চাইলে এসব ঘরের বাসিন্দাদের কয়েকজন বলেন, কাউন্সিলর জার্জিস আলম তাঁদের ঘর করার জায়গা দিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌর কাউন্সিলর জানান, প্রতিটি ঘরের জন্য জার্জিস পাঁচ-সাত হাজার টাকা করে নিয়েছেন। টাকার বিনিময়ে রেলওয়ের জমিতে ঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর জার্জিস আলম বলেন, এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘যেহেতু আমি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি, সে কারণে যাঁরা আশ্রয়ের জায়গা পাচ্ছেন না, তাঁদের আশ্রয়ের জন্য সহযোগিতা করছি মাত্র।’ তিনি জানান, তাঁর ছোট ভাই খায়রুল আলম যে জায়গা দখল করেছেন, তাঁরা ইজারা নিয়ে সেখানে নার্সারি তৈরি করবেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মামলার তদন্তের দায়িত্ব সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মাহাবুল আলমকে দেওয়া হয়েছে।রেলওয়ের পাকশী বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) মাহাবুবুল আলম জানান, যারা অবৈধভাবে রেলওয়ের জায়গায় বাড়ি তৈরি করছে, তাদের অবিলম্বে উচ্ছেদ করা হবে।