সান্তাহারে রেলের জমি দখল
কর্তৃপক্ষের অবহেলা এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় পশ্চিমাঞ্চল রেলওয়ের গুরুত্বপূর্ণ বগুড়ার সান্তাহার স্টেশনের বিপুল পরিমাণ জমি বেদখল হয়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষের মতে, রেললাইন ও ক্রসিং এলাকা অব্যাহত দখলের কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনার কারণে যেকোনো মুহূর্তে রেলক্রসিং এলাকায় ঘটতে পারে দুর্ঘটনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সান্তাহার স্টেশন এলাকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় রেলওয়ের জায়গা দখলের প্রতিযোগিতা। বর্তমানে কী পরিমাণ জায়গা বেদখল হয়েছে, তা জানাতে পারেনি সান্তাহার কানুনগো অফিস।সরেজমিনে দেখা গেছে, সান্তাহার শহরের ইয়ার্ড কলোনি, চা-বাগান কলোনি, লোকো কলোনি, ড্রাইভার কলোনিসহ স্টেশনের পার্শ্ববর্তী সান্তাহার-নওগাঁ রোডের আশপাশের এলাকা, ঢাকাপট্টি ও গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ের ঝুঁকিপূর্ণ এলাকার বিশাল অংশ অবৈধ দখলে চলে গেছে।সান্তাহার জংশন স্টেশনের মোট ভূমির এক-চতুর্থাংশে রয়েছে বাণিজ্যিক ও কৃষি লাইসেন্স। রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের সময় থেকে সব ধরনের বাণিজ্যিক লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। তারপরও বিকল্প পথে কথিত ক্ষতিপূরণ লাইসেন্স প্রদানের মাধ্যমে চলছে গুরুত্বপূর্ণ রেলভূমি দখলের ব্যবসা। মাঠ পর্যায়ের কানুনগো ও আমিনরা অবৈধ দখলদারদের কাছে থেকে ক্ষতিপূরণ লাইসেন্সের নামে জরিমানা আদায় করেন। কথিত এই ক্ষতিপূরণ লাইসেন্সের জোরে বর্তমানে সান্তাহার স্টেশন এলাকায় গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ স্থাপনা।পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা কিরণ চন্দ্র রায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নাকচ করে বলেন, তিনিসহ তাঁর দপ্তরের লোকজনের বিরুদ্ধে অবৈধ দখলদারেরা মামলা করেছে, মামলাসংক্রান্ত জটিলতার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না।সম্প্রতি সান্তাহার ১ নম্বর রেলক্রসিংয়ের ঝুঁকিপূর্ণ এলাকায় রেললাইনের মাঝে দুটি বিশাল মার্কেটসহ গড়ে উঠেছে অসংখ্য দোকান। রেলক্রসিং এলাকা জনবহুল হওয়ায় এখানকার প্রতিটি দোকান বিক্রি হচ্ছে মোটা দামে। ১ নম্বর ক্রসিং এলাকায় রেললাইনের ওপর ও আশপাশে অনেক দোকান গড়ে ওঠায় ট্রেন চলাচল ব্যাহত ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন সান্তাহার জংশন স্টেশনের মাস্টার সাজ্জাদ হোসেন। তিনি বলেন, রেলক্রসিং এলাকায় দোকান উচ্ছেদের জন্য জিআরপি থানায় একাধিক বার্তা দিয়েও কোনো কাজ হয়নি। তিনি বলেন, প্রতিদিন যে হারে দোকান বাড়ছে, তাতে বড় ধরনের দুর্ঘটনার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।বিষয়টি নিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মাহাবুবুল আলম বলেন, যেসব অবৈধ স্থাপনা রেলভূমিতে গড়ে উঠেছে ও উঠছে, সেসব উচ্ছেদ করা হবে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ভূ-সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।