সান্তাহারে সওজের জমি দখল চলছেই
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকাসহ সান্তাহার-বগুড়া সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গার অবৈধ দখল বন্ধ হচ্ছে না। সওজ বিভাগের গাফিলতি ও কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির কারণে অবৈধ দখলদারেরা তাঁদের দখল-প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অবৈধ এই দখলের শীর্ষে রয়েছে সান্তাহার পৌরসভা। সান্তাহার পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে শহরের বাইপাস সড়কের পাশে বিশাল জায়গা দখল করে মাছের আড়ত, বাঁশের হাটসহ একাধিক স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।সওজ বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের তৈরি করা তালিকা থেকে জানা যায়, সান্তাহার শহরের পশ্চিম ঢাকা রোড থেকে পূর্ব ঢাকা রোড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গায় ২৩২টি স্থাপনার মালিক আনুমানিক দেড় লাখ বর্গফুট জায়গা দখল করে রেখেছেন। এর মধ্যে সান্তাহার পৌরসভার বাঁশের হাট, মাছের আড়তসহ বিভিন্ন স্থাপনার জন্য দখল করা হয়েছে প্রায় দুই বিঘা জমি। বাইপাস সড়কের হবির মোড়ে দখলে রয়েছে প্রায় এক বিঘা এবং খাঁড়ির ব্রিজ এলাকায় দেড় বিঘা জমি অবৈধ দখলে আছে।সরেজমিনে সান্তাহার পৌর এলাকায় দেখা গেছে, শহরের ঢাকা রোডের পূর্ব ও পশ্চিম এলাকা, হবির মোড়, রেলগেট চত্বর, রাধাকান্ত হাটসহ একাধিক স্থানে নতুন করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। সান্তাহার পৌরসভার তৈরি করা মাছের আড়তের পরিধি বাড়িয়ে উত্তর পাশে আরও কয়েকটি দোকান তৈরি করা হচ্ছে। আর দক্ষিণ পাশের জায়গায় চলছে নতুন করে মাটি ভরাটের কাজ। মাছের আড়তে দোকান পাওয়াকে কেন্দ্র করে মোটা অঙ্কের টাকার লেনদেন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আড়তদার জানান, পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তাঁর কয়েকজন বন্ধু ও আত্মীয়কে দোকান বরাদ্দ দিয়েছেন। অথচ তাঁরা মাছ ব্যবসায়ী নন। মুঠোফোনে পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোনো তথ্য দিতে রাজি হননি।অন্যদিকে শহরের হবির মোড়ে আজিজার রহমান নামের এক ব্যক্তি তাঁর দখল করা জায়গার সীমানা আরও বাড়িয়ে নতুন করে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। সওজের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বন্ধ হয়নি সান্তাহার পৌর এলাকার খাঁড়ির ব্রিজসংলগ্ন বৈশাখী অটোমেটিক রাইস মিলের মালিক ইসমাইল হোসেনের ধানের চাতাল, সীমানাপ্রাচীর ও মিলের প্রধান ফটক নির্মাণের কাজ।এ ব্যাপারে আজিজার রহমান বলেন, ‘অনেকেই জায়গা দখল করেছেন। তাই আমিও করেছি।’ বৈশাখী অটো রাইস মিলের মালিক ইসমাইল হোসেন দেশের বাইরে আছেন। তাঁর কারখানার ব্যবস্থাপক আবদুর রাজ্জাক এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।বগুড়া সওজের কার্যালয় সূত্রে জানা গেছে, উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান গত বছরের ১৬ জুলাই সান্তাহার শহরের আশপাশে ২৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বগুড়া জেলা প্রশাসকের কাছে একজন ম্যাজিস্ট্রেট চেয়ে চিঠি পাঠান। কিন্তু গত সাড়ে তিন মাসেও জেলা প্রশাসকের দপ্তর থেকে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়নি।জেলা প্রশাসক সারোয়ার মাহামুদ জানান, সওজের কাছে জায়গার সীমানা নির্ধারণ, স্কেচ তৈরিসহ অনেক কাজ রয়েছে, যা তারা সঠিকভাবে উপস্থাপন করেনি। এ ছাড়া তাদের যোগাযোগ সন্তোষজনক নয়।বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এসব অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে দু-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি নিয়ে দ্রুত জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সওজের কেউ জায়গা দখলের সঙ্গে জড়িত কি না, তা তাঁর জানা নেই।