সান্তাহারে সওজের জায়গায় পৌরসভার আড়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় সান্তাহার-বগুড়া বাইপাস সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে মাছের আড়ত নির্মাণ করছে পৌরসভা। এলাকার কিছু লোক পৌরসভার দেখাদেখি ওই রাস্তার পাশের জায়গা দখল করে বেশ কিছু স্থাপনা তৈরি করেছেন। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাংসদ আবদুল মমিন তালুকদার বলেন, সান্তাহার বাইপাস সড়কে যেভাবে সওজের জায়গা দখলের হিড়িক পড়েছে তাতে ওই এলাকায় যেকোনো সময় বড় ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করার জন্য তিনি সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলীকে জোর তাগিদ দিয়েছেন। এর পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তা হলে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো হবে। সওজ, এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাবেক কাউন্সিলর সূত্রে জানা গেছে, সান্তাহার পৌরসভা ২০১১ সালে মে মাসে রাধাকান্ত হাটের পাশে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়ক ঘেঁষে সওজের প্রায় ১০০ শতাংশ জায়গা দখল করে মাছের আড়ত গড়ে তোলে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে সওজ ওই বছরের ৮ সেপ্টেম্বর আড়তটি উচ্ছেদ করে। মাস তিনেক আগে পৌরসভা ওই জায়গা পুনরায় দখল করে সেখানে ২৪টি দোকান তৈরি করে আড়তের জন্য ভাড়া দিয়েছে। আড়তটি বিস্তৃত করতে পাশের আরও প্রায় দেড় শ শতাংশ জায়গা দখল করে সেখানে পৌরসভার সাইনবোর্ড ঝুলিয়ে তিন দিন আগে মাটি ফেলে ভরাট শুরু করেছে পৌরসভা। সরেজমিনে দেখা গেছে, পৌরসভা সাইনবোর্ড লাগিয়ে যেখানে মাটি ফেলে জায়গা ভরাট শুরু করেছে, সেখান থেকে প্রায় আধা কিলোমিটারের মধ্যে রাস্তার পাশে সওজের জায়গা দখল করে প্রায় ৫০-৬০টি দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার দেখাদেখি এলাকার কিছু লোক এসব স্থাপনা তৈরি করেছে। সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, ‘পৌরসভার কাজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা। কিন্তু পৌর মেয়র যদি নিজেই অবৈধভাবে সরকারি জায়গা দখল করেন, তা হলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে?’ সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘পৌরসভার প্রয়োজনে হাটবাজারের জন্য সরকারি জায়গা ব্যবহার করার বিধান রয়েছে। সে অনুযায়ী সওজের জায়গায় মার্কেট তৈরি করেছি।’তবে সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মঞ্জুুর বলেন, ‘সরকারি জায়গা ইজারা না নিয়ে সেখানে কোনো স্থাপনা নির্মাণ করার বিধান নেই।’ সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, মেয়র সওজের জায়গায় আবারও নতুন করে মার্কেট তৈরি করে আইন অমান্য করেছেন। জরুরি ভিত্তিতে ওই মার্কেট উচ্ছেদ করার ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা কোনোভাবেই সওজের জায়গা দখল করতে পারে না।