সান্তাহারে ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের লোকো পশ্চিম কলোনিতে গতকাল শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ভারতের তৈরি নেশাজাতীয় ৩৪টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পুলিশ প্রথমে কলোনির বাসিন্দা মাদক বিক্রেতা রেজাউল করিম ওরফে ধলুর (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এরপর মাদক বিক্রেতা ও মাদকাসক্ত সবুজ (২৫), হেলাল উদ্দিন এবং তাঁর স্ত্রী বিলকিস বেগমকে (২৮) গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ মাদক আইনে পৃথক দুটি মামলা করেছে। নেশাজাতীয় ইনজেকশন নিয়ে গত বৃহস্পতিবার থেকে ছয় দিনের মধ্যে আদমদীঘিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই মাহবুবুল হক জানান, গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ৩৪এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। ওই চার ব্যক্তিকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।