সান্তাহারের ১২০০ মিটার রাস্তা সংস্কার হচ্ছে না
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নওগাঁ সড়কের ১ হাজার ২০০ মিটার দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। সড়কটিতে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কটির সান্তাহার পৌরসভার মোড় থেকে ঢাকা-নওগাঁ মহাসড়কের হবির মোড় পর্যন্ত অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। এই ১ হাজার ২০০ মিটারে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
আবুল কালাম আজাদসহ কয়েকজন পৌরবাসী বলেন, তিন-চার বছর আগে সড়কটি সর্বশেষ সংস্কার হয়। নিম্নমানের কাজ করার কারণে অল্প সময়ের মধ্যেই রাস্তার কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। একাধিক বড় গর্তের সৃষ্টি হওয়ায় অল্প বৃষ্টিতে পানি জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, রাস্তাটির দরপত্র আহ্বান করা হয়েছে। কার্যাদেশ দেওয়া হলে অল্প দিনের মধ্যে রাস্তাটির কাজ শুরু হবে।
এলাকার কয়েকজন বলেন, রাস্তাটি দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন অসংখ্য যানবাহনও চলে। একটু বৃষ্টি হলে খানাখন্দগুলো পানিতে ভরে ওঠে। পাশের জয়পুরহাট, আক্কেলপুর, তিলকপুর ও ছাতিয়ানগ্রাম থেকে কয়েক শ ভ্যান-রিকশায় করে এই রাস্তা দিয়ে নানা কাঁচামাল সান্তাহার শহরে ঢোকে। শনি ও মঙ্গলবার সান্তাহারে হাটবার থাকায় রাস্তাটিতে যানবাহন চলাচলের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কিছু কিছু যানবাহন বিকল্প রাস্তা দিয়ে প্রায় দুই কিলোমিটার ঘুরে সান্তাহারে প্রবেশ করছে।
সান্তাহার শহরের তরকারি ব্যবসায়ী তসলিম উদ্দিন বলেন, ভ্যানে করে বিভিন্ন শাকসবজি নিয়ে এই রাস্তা দিয়ে আসা কষ্টসাধ্য হয়ে পড়ে। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করে চলাচলের উপযোগী করা প্রয়োজন।
সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভিন বলেন, এই রাস্তার পাশে মহিলা কলেজ ও পৌর বালিকা বিদ্যালয় অবস্থিত। এ কারণে এই সড়ক ব্যবহারকারী শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সান্তাহারের রাধাকান্ত হাটের ইজারাদার রাশেদুল ইসলাম জানান, যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ার কারণে হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা অনেক কমে গেছে।