সান্তোস ও হেলিবার্টনকে গ্যাস বিক্রির অনুমতি দেওয়া হবে আত্মঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, দেশে গ্যাস-সংকটের সময় বিদেশি কোম্পানি সান্তোস ও হেলিবার্টনকে অন্য পক্ষের কাছে দেশের গ্যাস বিক্রির অনুমতি দেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাঁরা রপ্তানিমুখী ও গণবিরোধী পিএসসি ২০০৮ বাতিলের দাবি জানান।গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জনসভায় বক্তারা এ দাবি জানান। জনসভায় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন। জনসভায় আগামী মাগুরছড়া দিবসে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে ও দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া অক্টোবরে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে দেশব্যাপী সভা-সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।জাতীয় কমিটির নেতারা এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একসময় ওই চুক্তি সমর্থন করেছিলেন। কিন্তু আজ তিনি ও তাঁর সরকার ওই চুক্তি বাস্তবায়ন করছেন না। জনসভায় দেশের গ্যাস-সংকট সমাধানে চালু কূপ থেকে গ্যাস উত্তোলন বাড়াতে যন্ত্রপাতি পরিবর্তন, বন্ধ কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু এবং ‘সুনেত্র’ গ্যাসক্ষেত্র থেকে দেশীয় সংস্থার মাধ্যমে গ্যাস তোলার দাবি জানান বক্তারা। বিদ্যুৎ সমস্যা সমাধানে বিদ্যুৎ প্ল্যান্ট মেরামত ও নবায়ন এবং রাষ্ট্রীয় মালিকানায় বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনেরও দাবি জানান তারা।জনসভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাতীয় কমিটির সদস্যসচিব আবু মুহাম্মদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী।