অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে অস্ট্রেলীয় কোম্পানি সান্তোস ও সিঙ্গাপুরভিত্তিক ক্রিসএনার্জির যৌথ উদ্যোগের সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই করেছে পেট্রোবাংলা।
উৎপাদন অংশীদারি চুক্তির বিধান অনুযায়ী এই দুটি কোম্পানির সঙ্গে ১০ শতাংশ ‘ক্যারিড ইন্টারেস্ট’ নিয়ে আরেক যৌথ অংশীদার হিসেবে আছে বাপেক্স। এই অংশীদারত্বের জন্য বাপেক্সকে কোনো বিনিয়োগ করতে হবে না। কোনো লোকসানের দায়ও বহন করতে হবে না। শুধু লাভের অংশ পাবে। আর কাজের অভিজ্ঞতা অর্জন করবে।
পেট্রোবাংলার কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে জানানো হয়, অগভীর সমুদ্রের ৭ নম্বর ব্লকের জন্য আমেরিকান কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে আগামী মাসে চুক্তি সই হবে।
জ্বালানিসচিব মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবংলার চেয়ারম্যান হোসেন মনসুর, সিঙ্গাপুরের কনসাল জেনারেল ডেরিল লাও, সান্তোস সাঙ্গু ফিল্ড লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ডি গ্যারিস ও ক্রিসএনার্জির পরিচালক ক্রিস গিবসন রবিনসন বক্তব্য দেন।
বক্তারা সবাই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তির বিশেষ ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকের জন্য চুক্তি করা হয় ভারতের ওএনজিসি বিদেশ লিমিটেডের সঙ্গে। অগভীর সমুদ্রের এসব ব্লকে আগামী শুকনা মৌসুমে (অক্টোবর-মার্চ) অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে কোম্পানিগুলো।
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এর আগে শেষ চুক্তিটি হয়েছিল ২০১০ সালের নভেম্বরে। তখন গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের জন্য চুক্তি সই করা হয় কনোকো-ফিলিপসের সঙ্গে। তারা ওই দুটি ব্লকে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়ে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য তেল-গ্যাসের সন্ধান পায়নি। এখন তারা সেখানে আরও নিবিড়ভাবে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে বলে পেট্রোবাংলা সূত্র জানায়।
এ পর্যন্ত দেশের সমুদ্রসীমায় আবিষ্কৃত একমাত্র গ্যাসক্ষেত্র ছিল সাঙ্গু, যেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস তোলা হয়েছে। ক্ষেত্রটি থেকে উত্তোলন সর্বনিম্ন পর্যায়ে (দৈনিক ২০ লাখ ঘনফুট) নেমে যাওয়ায় গত অক্টোবরে সেটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ক্ষেত্রটি থেকে ১৯৯৬ সালে উৎপাদন শুরু করা হয়েছিল।
সান্তোস-ক্রিসের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা প্রথম পাঁচ বছরে চার হাজার ৪৭৫ বর্গকিলোমিটার আয়তনের ব্লকটিতে এক হাজার ছয় লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ও ৩০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে। একটি অনুসন্ধান কূপ খনন করবে। এখানে তেল-গ্যাস পাওয়া গেলে সবই পেট্রোবাংলার কাছে বিক্রি করতে হবে। কখনো পেট্রোবাংলা কিনতে রাজি না থাকলে দেশের মধ্যে অন্য গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে।