রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদভুক্ত পাঁচটি বিভাগে সন্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রগতিশীল ছাত্রজোট গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বরাবর এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রকৌশল অনুষদভুক্ত পাঁচটি বিভাগে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়। ওই পাঁচ বিভাগের সভাপতি চাইলে যেকোনো সময় কোর্স চালু করতে পারেন। সান্ধ্য কোর্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বেসরকারীকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে অতীতে শিক্ষার্থীদের আন্দোলনের কথা উল্লেখ করে অবিলম্বে এ কোর্স বন্ধের দাবি জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদে পর্যায়ক্রমে সান্ধ্য কোর্স চালু করা হয়। সেই সময় সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি তাশনুভা তাহরীন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক তমশ্রী দাস ও বিপ্লবী ছাত্র মৈত্রীর দিলীপ রায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বলা হয়, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন গ্রন্থাগার থাকলেও শিক্ষার্থীরা বই বা অন্য কোনো মুদ্রিত কাগজ নিয়ে সেখানে প্রবেশ করতে পারেন না। এতে করে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও গ্রন্থাগারে গিয়ে পড়তে পারেন না। সার্বিক বিষয় বিবেচনা করে এখন থেকে গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের অনুমতি চাওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়।