ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স (ই-ফার্ম) চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন অনুষদের শিক্ষার্থীরা। ওই কোর্স বাতিলের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিলও করেছেন তাঁরা।শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৬ সালে বিভাগের একাডেমিক কাউন্সিল ওই কোর্স চালুর সিদ্ধান্ত নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ ব্যাপারে অনুমোদন দেয়। কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেটি স্থগিত ছিল। সম্প্রতি ওই কোর্স আবার চালুর চেষ্টা চলছে। বিভাগ সূত্র জানায়, দুই বছর মেয়াদি কোর্স চারটি সেমিস্টারে বিভক্ত থাকবে। প্রতি ব্যাচে শিক্ষার্থী থাকবে ৩০ জন। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতি সেমিস্টারে ৪০ হাজার করে মোট এক লাখ ষাট হাজার টাকা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, অনুষদের অধিকাংশ শিক্ষক বাইরের বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এ কারণে এমনিতেই বিভাগগুলোতে নিয়মমতো ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয় না। ফলাফলও সময়মতো প্রকাশিত হয় না। সান্ধ্যকালীন কোর্স চালু হলে এ সমস্যা আরও প্রকট হয়ে দেখা দেবে।অনুষদের ডিন অধ্যাপক আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল একাডেমিক কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। শিক্ষার্থীদের দ্বিমত থাকলে এবং তাঁদের পড়াশোনায় অসুবিধা সৃষ্টি হয়, এমন কোনো সিদ্ধান্ত বিভাগ নেবে না।