রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে চালু হওয়া সান্ধ্য কোর্সের পক্ষে যুক্তি তুলে ধরেছেন উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এই অবস্থান ব্যক্ত করেন।
৩৫ দিন বন্ধ থাকার পর ১০ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ২ ফেব্রুয়ারির ঘটনা এবং চলমান পরিস্থিতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য তুলে ধরতে ওই সংবাদ সমেঞ্চলন করা হয়।
লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে হলেও মাস্টার্স পর্যায়ে সান্ধ্য কোর্স চালুর দাবি অব্যাহত ছিল। এ দাবির অন্যতম যৌক্তিকতা ছিল যে চার বছরের স্নাতক (সমঞ্চান), স্নাতক কোর্সটি প্রান্তিক ডিগ্রি হওয়ায় অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরপরই কর্মজীবনে প্রবেশ করেন। কিন্তু পরবর্তীকালে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা ও কর্মজীবনে পেশাগত উন্নতির জন্য তাঁদের মাস্টার্স ডিগ্রির প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থী হিসেবে মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ না থাকায় বিকল্প হিসেবে সান্ধ্য কোর্সের প্রবর্তন তাঁদের জন্য উপকারী। এ ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালু হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
উপাচার্য আরও বলেন, বিভাগ, অনুষদ, ডিনস কমিটি, শিক্ষা পরিষদ এবং সিন্ডিকেটসহ প্রতিটি পর্যায়ে উপস্থিত প্রতিনিধিদের দিয়ে কোনো বিষয় যখন আইনে পরিণত হয়, তখন তা যৌক্তিকভাবে হয়েছে বলেই সবাইকে মেনে নেওয়া উচিত। হঠাৎ করে শিক্ষার্থীদের কোনো অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনুমোদিত একটি আইন বাতিল করা সম্ভব নয়।
২ ফেব্রুয়ারির ঘটনার সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার বিষয়ে উপাচার্য বলেন, পুলিশের অ্যাকশনের ব্যাপারে খতিয়ে দেখা হবে। এ ছাড়া যারা অস্ত্র ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। সংবাদ সমেঞ্চলনে সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, প্রক্টর তারিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সংগঠক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন বলেন, প্রশাসনের স্বার্থ রক্ষার জন্য উপাচার্য সান্ধ্য কোর্সের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সান্ধ্য কোর্স স্থগিত করা উচিত। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন চলবে। ৮ মার্চ সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে।
বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। দফায় দফায় ওই হামলায় বেশ কয়েকজন বুলেট বিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনায় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা চারটি মামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আসামি করা হয়।