সান্ধ্য কোর্সের পক্ষে সংবাদ সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করেছে আইন অনুষদ। গতকাল শুক্রবার বিকেলে তারা সন্ধ্যাকালীন কোর্সের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ওই সংবাদ সম্মেলন করে।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ। তিনি জানান, আইন অনুষদে ২০১০ সাল থেকে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স চালু রয়েছে। এ কয়েক বছরে এ বিভাগে এই কোর্সের জন্য নিয়মিত শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। এ ছাড়া এ কোর্সের জন্য যে অর্থ নেওয়া হয়, তা অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম।
এ সময় আইন বিভাগের সভাপতি এম আহসান কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলছে। বিষয়টি প্রশাসন আবারও ভেবে দেখতে পারে। সন্ধ্যাকালীন কোর্স চললে তেমন কোনো ক্ষতি হবে না।’