সান্ধ্যকালীন কোর্ট চালুর সুপারিশ
ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম ‘দুই শিফট’ বা ‘সান্ধ্যকালীন’ কোর্ট’ চালুর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গত রোববার সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। গতকাল সোমবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
কমিটি বলেছে, উচ্চ আদালতে এ ব্যবস্থা প্রবর্তন করতে প্রয়োজনে নতুন আইনের ‘খসড়া’ সংসদীয় কমিটি তৈরি করে দেবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, উচ্চ ও নিম্ন আদালতে প্রায় ২৬ লাখ মামলা আটকে আছে। এ জটিলতা দূর করতে হবে। বর্তমানে যে পরিমাণ বিচারক আছেন, তাতে এ জটিলতা দূর হবে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ভারতের মাদ্রাজ ও পশ্চিমবঙ্গে সান্ধ্যকালীন কোর্ট চলে। আমাদের নিম্ন আদালতে এটা করার জন্য আইন লাগবে না। তবে উচ্চ আদালতের জন্য আইন দরকার।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদীয় স্থায়ী কমিটি প্রয়োজনে আইনের খসড়া করে মন্ত্রিসভায় পাঠাবে। ভারতে অবসরপ্রাপ্ত বিচারকদের পুনর্নিয়োগ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা সেটাও করতে পারি।’ বিচারব্যবস্থা গতিশীল করতে উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল অফিস এবং নিম্ন আদালতের পিপি ও জিপি অফিসের কার্যক্রম সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।