সান্ধ্যকোর্সবিরোধী আন্দোলনের কর্মীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্সবিরোধী আন্দোলনের সক্রিয় এক কর্মীকে ছুরিকাঘাত করেছে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত কর্মীর নাম সাজু সরদার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের সদস্য। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজু সরদারের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শিবু চন্দ্র অধিকারী বলেন, সাজু বাইসাইকেলে করে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পেছনের রাস্তা দিয়ে মাদার বখশ হলের দিকে যাচ্ছিলেন। এ সময় মুখোশ পরা চার ব্যক্তি তাঁর পথরোধ করে এবং তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। একপর্যায়ে মুখোশধারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে সাজুর হাত, হাঁটু ও পিঠে জখম হয়। পরে হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এ সময় সাজুর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।