সাপ ধরতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের
ডিসকভারি চ্যানেলে সাপ ধরার দৃশ্য দেখে সেই কৌশল প্রয়োগ করতে গিয়ে অবশেষে প্রাণ দিতে হলো স্কুলছাত্র আনোয়ারকে। সে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামের আব্বাস আলীর ছেলে এবং ফুলকুঁড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ১০ জুন বিদ্যালয়ে যাওয়ার পথে আনোয়ার বরেন্দ্রা গ্রামের একটি বাঁশঝাড়ে অজগরের মতো একটি সাপ দেখতে পায় এবং কৌশলে সেটি ধরে। কিন্তু সাপটি ধরার সময় তার ডান হাতের আঙুলে কামড় দেয়। স্থানীয়ভাবে বিভিন্ন চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাত একটার দিকে আনোয়ার মারা যায়। আনোয়ারের বড় ভাই আক্কাস আলী জানান, সাপটির ছবি দেখে হাসপাতালের চিকিৎসকেরা জানান, সেটা ছিল চন্দ্রবোড়া সাপ। গ্রামের নুরুন্নবী, হামজাসহ কয়েকজন জানান, তাঁরা এমন সাপ এলাকায় কখনো দেখেননি। সাপটি ধরার পর সেখানে চাঁপাইনবাবগঞ্জের তিনজন লোক যান এবং সাপটি চেয়ে নিয়ে বেদেদের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেন।