সাপাহারে বিজিবি ক্যাম্পে জনতার হামলা, আহত ৮
নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পে গত রোববার সকালে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। এ সময় তাদের ইটপাটকেলের আঘাতে সাংবাদিক, বিজিবির সদস্যসহ আটজন আহত হন।বিজিবি কয়েকটি গরু ধরলে জনতা ওই হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্পটিতে ভাঙচুর চলানোসহ সেখান থেকে গরুও ছিনিয়ে নিয়ে যায়।স্থানীয় ব্যক্তিরা জানান, গত শনিবার বেলা দুইটার দিকে উপজেলার গোপালপুর গ্রামের আবদুল জব্বার মণ্ডল ও শীতলডাঙ্গা গ্রামের মো. আবদুল হক সাপাহার বাজারে তাঁদের গরু বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় বিজিবির সদস্যরা এসব গরু ভারতীয় বলে আটক করেন। তাঁরা ওই দুজনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু তা দেখাতে ব্যর্থ হলে বিজিবির সদস্যরা গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে যান। রোববার সকালে শতাধিক লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পে ঢুকে ভাঙচুর শুরু করে। প্রায় আধা ঘণ্টা ধরে এই তাণ্ডব চলাকালে তারা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।ইটের আঘাতে ক্যাম্প কমান্ডার সুবেদার আজমল হোসেন, নায়েক সুবেদার রিয়াজ উদ্দীন, নায়েক মফিজ উদ্দীন, হাবিলদার দিলীপ বিশ্বাস, সিপাহি সোহাগ, সিপাহি হাবিবুর রহমান এবং স্থানীয় সাংবাদিক তছলিম উদ্দীন ও মো. নয়ন আহত হন। তাঁদের সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।হামলার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী ও বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী উপপরিচালক (ডিএডি) মো. আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।আজমল হোসেন জানান, হামলার ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা আবদুল বাকী, গরু ব্যবসায়ী আবদুল জব্বার, আবদুল হক এবং অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন।ওসি আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।