সাপুড়ে হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে ডালিম বৈদ্য (২৪) নামের এক সাপুড়েকে পিটিয়ে হত্যার মামলায় বাবা ও দুই ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন কাশেম বৈদ্য, তাঁর ছেলে আলমগীর বৈদ্য ও জাকির বৈদ্য। মামলার বাকি ছয়জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৮ মে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাপুড়ে ডালিমের মাথায় লাঠির আঘাত করেন আসামিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডালিমের মা বাদী হয়ে ওই দিন মাদারীপুর সদর থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এমরান লতিফ বলেন, ‘আদালত আলমগীর বৈদ্য (২৩), জাকির বৈদ্য (২০) ও তাঁদের বাবা কাশেম বৈদ্যকে (৪৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি ছয়জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁদের খালাস দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।’
মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক রমেশ চন্দ্র দাস বলেন, ‘হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে থানা-পুলিশের কাছে চিঠি দেওয়া হবে। আশা করছি শিগগিরই আসামিরা ধরা পড়বে।’