সাপুড়েদের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাদ্র সংক্রান্তি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মেহেরপুরের পল্লিতে অনুষ্ঠিত হয়েছে সাপ নিয়ে সাপুড়েদের উৎসব। গত রোববার মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে সাপুড়েরা নানা প্রজাতির সাপ নিয়ে এই উৎসবে যোগ দেন। উৎসব আয়োজন কমিটির সদস্য বেলতলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, ভাদ্র সংক্রান্তি সামনে রেখে প্রতিবছর এখানে এই উৎসবের আয়োজন হয়। এখানে বিষধর সাপ নিয়ে খেলা ও গানের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।সরেজমিনে দেখা গেছে, মাঠের চারদিকে নারী, পুরুষ, শিশুসহ শত শত উৎসুক মানুষের উপচে পড়া ভিড়। মাঝখানে সাপুড়েরা বাক্সের ভেতর থেকে বিষধর সব সাপ বের করছেন। অনেক সাপুড়ে গান গেয়ে ও নেচে সাপ বশে আনছেন। মাগুরার মোহাম্মদপুর গ্রামের সাপুড়ে লোকমান হোসেন জানান তিনি প্রায় ছয় বছর এই উৎসবে যোগ দিচ্ছেন। উৎসবের আয়োজক মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল আমিন বলেন, সাপকে পরাস্ত করে অশুভ ও অমঙ্গলের বিরুদ্ধে জয় ঘোষণার ব্রত নিয়েই প্রতিবছরের ভাদ্রসংক্রান্তিতে সাপ ও সাপুড়েদের মেলা এবং উৎসবের আয়োজন করা হয়ে থাকে।