সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানিয়া বেগম (২০) নামের এক গৃহবধূকে সাপে কামড়ালে গত মঙ্গলবার রাতে পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ (অ্যান্টিভেনাম) শেষ হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তানিয়া এখন হাসপাতালের শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন।
তানিয়ার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে। দুই বছর আগে একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। আনোয়ার ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে ছোট চাকরি করেন।
তানিয়া বলেন, সন্ধ্যার পর উঠানে কাজ করার সময় বাঁ পায়ে সাপে কামড় দেওয়ার পর যন্ত্রণা শুরু হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ওঝা ডেকে আনেন। রাত আটটার দিকে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মহিলা ওয়ার্ডের মেঝেতে তানিয়া যন্ত্রণায় ছটফট করছেন। তানিয়া জানান, শুধু যন্ত্রণাই নয়, গলা শুকিয়ে যাচ্ছে এবং সারা শরীরের ব্যথায় অস্থির তিনি।
হাসপাতালে তানিয়ার মা আসমা বেগম জানান, ভালো করে ওঝা দেখানো যায়নি। এলাকার লোকজন বলে, এই হাসপাতালে সাপের কামড়ের রোগীর চিকিৎসা হয়। অনেকে ভালো হয়েছে। তাই মেয়েকে এখানে নিয়ে আসে লোকজন। কিন্তু এখন জানানো হয় হাসপাতালে ওষুধ নেই।
তিনি আরও জানান, সাপের কামড়ের ওষুধ এখন বাইরে থেকে সংগ্রহ করতে হলে ৮-১০ হাজার টাকা খরচ হবে। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য তাঁদের নেই বলে জানান আসমা বেগম।
হাসপাতাল সূত্র জানায়, ২০১০ সাল থেকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। সাপে কামড়ানো রোগীদের জন্য উন্নত চিকিৎসা রয়েছে, তাই ঝাড়ফুঁকের জন্য সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা আনতে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নেয়। এর মধ্যে হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীদের নিয়ে সাপের বিষ প্রতিষেধক উন্নত ব্যবস্থাপনার ওপর বৈজ্ঞানিক কর্মশালার আয়োজনসহ প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ‘আর নয় ভয়, ওষুধ করেছে সাপের বিষকে জয়’ স্লোগানসংবলিত পোস্টারিং করা হয়।
সাপে কামড়ানো রোগীর চিকিৎসাসেবার দায়িত্বে থাকা ২৫০ শয্যার হাসপাতালের মেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এফ এম আতিকুর রহমান জানান, ডিসেম্বর মাসে অ্যান্টিভেনাম শেষ হলে বিষয়টি সিএমএসডিতে (কেন্দ্রীয় ঔষাধাগার) জানানোর পর আরও ৩০ ব্যারেল অ্যান্টিভেনাম আসে। কিন্তু ১৫ দিনের মধ্যে তা-ও শেষ হয়ে যায়। এখন হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনাম নেই।
এদিকে সাপে কামড়ানোর রোগী তানিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তানিয়াকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান সাপে কামড়ানোর ওষুধ অ্যান্টিভেনাম প্রস্তুত করছে। তানিয়াদের পক্ষে ৮-১০ হাজার টাকা খরচ করা প্রায় অসম্ভব। তবে তানিয়ার চিকিৎসা বন্ধ হবে না। প্রয়োজনে তিনি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে ওষুধ সংগ্রহ করে চিকিৎসাসেবা দেবেন বলে জানান চিকিৎসক আতিকুর রহমান।
তিনি আরও জানান, গত পাঁচ বছরে ৪০ জন সাপে কামড়ানো রোগী চিকিৎসাসেবা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ছয়জনকে বাঁচানো সম্ভব হয়নি। বেশির ভাগ রোগী ওঝার কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় শেষ সময়ে হাসপাতালে ছুটে আসে।
তিনি বলেন, বাংলাদেশে ৮০ থেকে ১২০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে কোবরা, কিং কোবরা, কেউটে, রাসেল ভাইপার—এই চার প্রজাতির বিষধর সাপে কামড়ানো রোগী হাসপাতাল থেকে সেবা নিয়েছে। সাপে কাটা রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করা সম্ভব। আর এর জন্য হাসপাতালে পর্যাপ্ত সাপের বিষ প্রতিষেধক অ্যান্টিভেনাম সরবরাহ থাকতে হবে বলেও জানান তিনি।
পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সাপে কামড়ানোর ওষুধ অ্যান্টিভেনাম শেষ হয়েছে জানুয়ারির মাঝামাঝি সময়ে। হাসপাতালে ওষুধ সরবরাহের জন্য কেন্দ্রীয় ঔষাধাগারে যোগাযোগ করা হয়েছে।