সাপে কামড়ানো শিশুকে ওঝা দিয়ে চিকিৎসা, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমিরখাকুড়া গ্রামে আল আমিন (১২) নামের এক শিশুকে গত বুধবার বিকেলে সাপে কামড়ায়। আল আমিনের পরিবার তাকে চিকিৎসকের কাছে না নিয়ে ওঝার কাছে নিয়ে যায়। রাতভর একাধিক ওঝার ঝাড়ফুঁকের ‘চিকিৎসা’ শেষে শিশুটি মারা যায়।
অথচ এমবিবিএস চিকিৎসক বা কাছের সরকারি হাসপাতালে নিতে পারলে আল আমিনকে বাঁচানোর সম্ভাবনা ছিল। এ বিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এ কে এম গোলাম মোস্তফা জানান, সাপে কামড়ানো রোগীর চিকিৎসা ওঝাদের দিয়ে করানোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। হালুয়াঘাটের আল আমিনকে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা উচিত ছিল। সেখানে সাপের বিষ ধ্বংসকারী ইনজেকশন দিয়ে তাঁর চিকিৎসা করানো যেত। তাই কাউকে বিষধর সাপে কামড়ালে দেরি না করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হবে। কারণ, জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওই ইনজেকশন নেই।
আল আমিনের পরিবার ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার বেলা তিনটার দিকে বাড়ির পাশের খেতে কাজ করার সময় আল আমিনকে সাপে কামড়ায়। তাৎক্ষণিকভাবে তার যে পায়ে সাপ কামড় দিয়েছে, সেই পা দড়ি দিয়ে বেঁধে বাড়ি থেকে নওলা গ্রামের মতিন ওঝার কাছে নিয়ে যায় তার পরিবার। সেখানে কোনো ফল না পাওয়ায় ওই ওঝার পরামর্শে তাকে নিয়ে যাওয়া হয় বিরুইডাকুনি গ্রামের অপর এক ওঝার কাছে। রাত ১২টার দিকে ওই দুই ওঝা জানান, আল আমিনের শরীর থেকে সাপের বিষ নেমে গেছে। সে এখন সুস্থ।
ওঝাদের আশ্বাসে আল আমিনের বাবা রহমতউল্লাহ পা থেকে দড়ির বাঁধন খুলে দিয়ে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই আল আমিনের মৃত্যু হয়। রাত দেড়টার দিকে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে মো. আবুল নামের আরও এক ওঝা সেখানে উপস্থিত হন। তিনি আল আমিনের জীবন ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আবারও ঝাড়ফুঁক শুরু করেন। শত শত মানুষের সামনেই রাতভর চলে চিকিৎসা। ভোরে আবুল অপারগতা প্রকাশ করে বিদায় নেন। এ বিষয়ে গতকাল বিকেলে মতিন ওঝার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ভুবনকুড়া ইউপি চেয়ারম্যান সুরুজ মিয়া বলেন, ‘ঘটনাটি খুব মর্মান্তিক। বিষয়টি আমার আগে জানা থাকলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিতাম।’
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। মতিন ওঝাকে ডেকে আনার জন্য বলা হয়েছে। তবে সে আত্মগোপনে আছে বলে জেনেছি।’