সাপে কামড়ালে চিকিৎসা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন রক্ষাকারী একমাত্র প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। লোহাগড়া পৌর এলাকার পরছাতরা গ্রামের বাসিন্দা সেনাসদস্য ওসমান শেখের মেয়ে মারিয়াকে (৬) গত ২৮ জুলাই সাপে কামড়ায়। প্রথমে ওঝা দিয়ে তার চিকিৎসা করা হয়। পরে অবস্থার অবনতি হলে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে যশোর সিএমএইচে নেওয়ার পথে ২৯ জুলাই ভোরে তার মৃত্যু হয়।ওসমান শেখ জানান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানিয়েছেন, এখানে সাপে কাটার কোনো চিকিৎসা নেই।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, সাপের কামড়ের চিকিৎসার চর্চা সচরাচর নেই। সে জন্য এ বিষয়ে চিকিৎসকদের জ্ঞানও কম। এ ছাড়া সাপে কাটা রোগীর জীবন রক্ষাকারী একমাত্র প্রতিষেধক অ্যান্টিভেনমও উপজেলা হাসপাতালে নেই। তাই এখানে সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়।নড়াইলের সিভিল সার্জন মো. আবদুস সামাদ বলেন, খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ চিকিৎসা পাওয়া যাবে। ওখানে প্রতিষেধক অ্যান্টিভেনম আছে। বিষধর সাপের বিষের প্রকৃতি নির্বাচন করে এ প্রতিষেধক রোগীর শরীরে প্রয়োগ করতে হয়। না হলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। সেটি মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব।