সাপের অভিশাপে বাড়ি ভেঙে চলে যাচ্ছে পরিবার!

ঝিনাইদহ সদর উপজেলায় তিন ভাই ‘সাপের অভিশাপ’ থেকে বাঁচতে পাকা বাড়িঘর ভেঙে সেখান থেকে সরে যাচ্ছেন। গত বুধবার তাঁরা বাড়ি ভাঙা শুরু করেন। গতকাল বৃহস্পতিবারও তা চলে।
ওই তিন ভাই হলেন নূর আলী শেখ, আবুল কাশেম শেখ ও আবদুস সামাদ শেখ। তাঁদের বাড়ি দক্ষিণ দুর্গাপুর গ্রামে। আগের বাড়ি থেকে প্রায় দুই শ গজ দূরে তাঁরা নতুন বাড়ি তৈরি করছেন।
জানতে চাইলে সিভিল সার্জন রাশেদা সুলতানা বলেন, সাপের অভিশাপের বিষয়টি অবাস্তব। ওই পরিবারটির সদস্যরা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, ২৫ শতক জমির ওপর তিন ভাইয়ের বাড়ি। মোট কক্ষ ছয়টি। বাড়ির টিনের চাল খোলার কাজ চলছে।
আবুল কাশেম শেখের স্ত্রী আয়েশা খাতুন বলেন, এক বছর আগে তাঁর স্বামীর বড় ভাই নূর আলীর ঘরে একটি সাপ দেখা যায়। পরিবারের সদস্যরা মিলে সাপটি মেরে পুড়িয়ে ফেলা হয়। তখন তেমন কিছু হয়নি। তিন মাস আগে একই ঘরে আরেকটি সাপ পাওয়া গেলে সেটি মারা হয়। এরপর থেকে তাঁদের পরিবারে নানা সমস্যা দেখা দিয়েছে। তিন ভাইয়ের পরিবারের ১৬ সদস্যের মধ্যে বর্তমানে পাঁচজন অসুস্থ। তাঁদের কয়েকটি গরু গোয়ালে মারা গেছে। তাঁরা আরও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ পরিবারের একটি মেয়ে অসুস্থ হয়ে আবোলতাবোল কথা বলছে। এসব কারণে তাঁরা বাড়ি সরিয়ে নিচ্ছেন।
নূর আলী শেখের ছেলে রানা হোসেন বলেন, দ্বিতীয় সাপটি মারার পর তাঁর বাবার শরীরে ব্যথা তৈরি হয়েছে। তাঁর বড় বোন রেশমা খাতুনের চোখের সমস্যা, চাচা আবুল কাশেম ও চাচি আয়েশা খাতুনের শরীরে ব্যথা ও চাচাতো বোন পিংকির (১৪) মানসিক সমস্যা দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে পিংকি মাঝেমধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলছে। যখন সংজ্ঞা ফেরে তখন নানা কথা বলতে থাকে। সাপটি মারা ঠিক হয়নি বলে প্রলাপ বকে পিংকি। আরও বলে, এ বাড়িতে থাকলে তাঁদের আরও ক্ষতি হবে।
আবদুস সামাদ শেখ বলেন, ‘এগুলো সাপ মেরে ফেলার অভিশাপ। বিপদগুলো চোখের সামনে ঘটছে বলেই এ কথা বিশ্বাস করছি।’
স্থানীয় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব হোসেন বলেন, পরিবারটি বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে—তিনি শুনেছেন। এ জাতীয় অলৌকিক ঘটনা বিশ্বাস করে বাড়ি ভেঙে চলে যাওয়া ঠিক হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম বলেন, তাঁরা বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন।