সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় গত শুক্রবার রাতে সাপের কামড়ে সোহেল রানা (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল শনিবার নওগাঁর মান্দা উপজেলায় ভিমরুল হুল ফোটালে মৌসুমী আকতার (৬) নামের একটি শিশু মারা যায়।
সোহেল গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মৌসুমী মান্দার নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
সোহেলের পরিবার সূত্রে জানা গেছে, সোহেল শুক্রবার ধারাবারিষা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার বাঁ পায়ে কামড় দেয়। রাতেই তাকে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁকের চেষ্টা ব্যর্থ হলে শুক্রবার রাতেই তাকে জেলার বড়াইগ্রামের ‘বনপাড়া মিড মিশন’ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল নয়টার দিকে সে মারা যায়।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের কয়েকজন বাসিন্দা ও মৌসুমীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৌসুমীদের বাড়ির পাশের একটি গাছে থাকা ভিমরুলের চাকে কয়েকটি ছেলে ঢিল ছুড়ে দৌড়ে পালিয়ে যায়। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী চারজন পথচারী ভিমরুলের আক্রমণের শিকার হয়। পথচারীদের চিৎকারে মৌসুমী বাড়ি থেকে বের হয়ে ওই স্থানে যায়। এ সময় ১০-১৫টি ভিমরুল তার শরীরে হুল ফোটায়।