ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ সাপের আতঙ্কে রয়েছে। ঘরের মেঝে, উঠানে, পথে-ঘাটে, গাছের নিচে, সড়কে, ঘরের আনাচকানাচে সাপের দেখা মিলছে।
উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নে চলতি মাসে একজন সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। জেলায় সব মিলিয়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সাপে কাটা এসব রোগীর কোনো চিকিৎসা ভোলার হাসপাতালগুলোতে হচ্ছে না। কারণ ভোলায় সাপে কাটা রোগীর চিকিৎসার ভ্যাকসিন—অ্যান্টিভেনম নেই। ফলে মানুষ চিকিৎসার জন্য ওঝা-বৈদ্যদের কাছে যাচ্ছে। কেউ কেউ স্থানীয় বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছে।
ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. কামাল হোসেন বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ডিম ফুটে সাপের বাচ্চা বের হয়। এ সময় বাচ্চা সাপ গর্ত থেকে বেরিয়ে আসছে। তা ছাড়া প্রচণ্ড গরমে সাপের রক্ত গরম হয়ে যায়। তাই সাপ শীতে গর্তে থাকলেও গরমে গর্ত থেকে বের হয়ে বাতাসে চলে আসে।
কুকুরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, গত সপ্তাহে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হাফেজের স্ত্রী মোছা. নুরজাহান (৪৩) সাপের কামড়ে মারা গেছেন। এ ছাড়া চলতি মাসে ইউনিয়নের শিরীনা আক্তার, ইয়ানুর বেগম, পপি, লিজা আক্তারসহ ১৯ জনকে সাপে কেটেছে। তাঁদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব কারণে কুকরি-মুকরির মানুষের মধ্যে সাপের আতঙ্ক বেড়েছে।
পল্লি চিকিৎসক আমির হোসেন জানান, সদর উপজেলার জংশন বাজারের কাছে আবদুল কুদ্দুস মিয়ার স্ত্রী ইয়াছমিনকে গত মঙ্গলবার সাপে কাটে। পরে স্থানীয় ওঝা চিকিৎসা দিয়েছেন।
স্থানীয় লোকজন জানায়, সাপের কামড়ের ঝুঁকি এড়াতে অনেকে জাল দিয়ে ঘরের চারপাশ ঘিরে রাখছেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, সাপে কাটা রোগীর বিষ ক্ষয়ে ব্যবহৃত ভ্যাকসিন—অ্যান্টিভেনম মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। তবে তিনি মানুষকে বাড়ির আশপাশে কার্বলিক অ্যাসিড, হারপিক, ফিনাইল ছিটিয়ে রাখাসহ টর্চ-লাইট নিয়ে চলাফেরার পরামর্শ দিয়েছেন। একই কথা বলেন, ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া।
তবে ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ভোলার কোনো হাসপাতালেই অ্যান্টিভেনম নেই। যা ছিল তা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর অ্যান্টিভেনম প্রয়োগের আগে রোগীর শরীরে বিষের পরিমাণ ল্যাবরেটরিতে মেপে নিতে হয়। কারণ অ্যান্টিভেনম মাত্রাতিরিক্ত ব্যবহার করলে রোগীর মৃত্যু হতে পারে। রোগীর শরীরে বিষের পরিমাণ মাপার ব্যবস্থা ভোলার কোনো হাসপাতালের ল্যাবরেটরিতে নেই। এ কারণে তাঁরা সাপে কাটা রোগীদের বরিশালে পাঠিয়ে দেন।