সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান হোসেন (৮) নামের এক শিশু এবং সাপের কামড়ে শাহনাজ বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, সফিপুর পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রায়হান শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় একটি স্কুলের পাশে খেলতে যায়। সেখানে বিদ্যুতের খুঁটি থেকে একটি বাড়িতে সংযোগ দেওয়া ঝুলন্ত তারে রায়হান জড়িয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে।অপরদিকে সৈয়দপুর গ্রামের মহিউদ্দিনের স্ত্রী শাহানাজ বেগম রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে শৌচাগারে যাওয়ার সময় একটি সাপ তাঁকে কামড় দেয়। চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।