সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম রোকেয়া খাতুন (২২)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আদু মাতব্বর পাড়ার ফরিদ শেখের স্ত্রী।

পরিবার ও এলাকার লোকজন জানিয়েছে, প্রতিদিনের মতো গত শনিবার রাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন রোকেয়া। রাত সাড়ে ১১টার দিকে একটি বিষধর সাপ মশারির নিচ দিয়ে ঢুকে রোকেয়ার বাঁ হাতে ছোবল দেয়। রোকেয়ার চিৎকারে বাড়ির লোকজন সবাই ছুটে এসে সাপের ছোবলের বিষয়টি নিশ্চিত হয়। রোকেয়াকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গতকাল রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, গৃহবধূর স্বামী ফরিদ শেখ ফরিদপুর শহরে থাকেন। সেখানে লোহার রডের দোকানে কারিগর হিসেবে কাজ করেন। সংবাদ পেয়ে তিনি বাড়িতে এসে সুদূর বরগুনা থেকে দিনাত সরকার নামের এক সাপুড়ে (ওঝা) নিয়ে আসেন। ওঝা বিকেলে ওই বাড়িতে পৌঁছে গৃহবধূকে মৃত বলে জানান। ওঝা নিশ্চিত করার পর দাফন করা হয় ওই গৃহবধূকে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক ও উজানচর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম খান বলেন, পরিবারের অবুঝ সদস্যরা বিষয়টি মানতে পারছিলেন না। এ কারণে চিকিৎসকের ওপর ভরসা না করে অনেক দূর থেকে ওঝা নিয়ে আসেন। ওঝা মৃত্যু নিশ্চিত করার পর গতকাল সন্ধ্যায় গৃহবধূর বাবার বাড়ি উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মাতব্বর পাড়ায় তাঁকে দাফন করা হয়।