সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের বোড়ামারা গ্রামে সাপের ছোবলে মুন্নী খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাশীনাথপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম আলম মোল্লা। পরিবার ও কলেজ সূত্রে জানা যায়, বন্যাকবলিত বোড়ামারা গ্রামে গত বুধবার রাতে মুন্নী খাতুন ঘরের বাইরে এলে বিষধর সাপ তাকে ছোবল দেয়। এরপর গ্রাম্য ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার একপর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে সে মারা যায়। কাশীনাথপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্নী কলেজে ভালো ছাত্রী ও সবার প্রিয় ছিল। তার মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে।