সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু
সাতক্ষীরার কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে সুপ্রভা মণ্ডল (১০) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে সাপের কামড়ে তার মৃত্যু হয়।
সুপ্রভা মণ্ডল শ্যামনগর মডার্ন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ও শ্যামনগরে সরকারি মহসিন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শচ্চীদানন্দ মণ্ডলের মেয়ে। শ্যামনগর সদরের হরিতলা এলাকায় তিনি ভাড়া বাড়িতে বসবাস করেন।
শচ্চীদানন্দ মণ্ডল বলেন, পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে শ্যামনগর সদরে বসবাস করেন। অসুস্থ বাবা অশ্বিনী কুমার মণ্ডল ও মা ভারতী রানী মণ্ডলকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সপরিবারে তিনি কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর মা ভারতী রানী মারা যান। সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বাড়িতে সুপ্রভাসহ তাঁরা একই ঘরে ঘুমান। শনিবার ভোরের দিকে তাঁর একমাত্র মেয়ে সুপ্রভাকে ঘুমন্ত অবস্থায় সাপে কাপড় দেয়। দ্রুত তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।