সাপের কামড়ে মাদ্রাসার ছাত্রী ও যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষধর সাপের কামড়ে বাগেরহাটের কচুয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রী এবং যশোরের বেনাপোলে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এ দুটি ঘটনা ঘটে। হাসপাতালগুলোতে সাপে কাটা রোগীর বিষ ক্ষয়ে ব্যবহার করা হয় এমন প্রতিষেধক ছিল না।

মাদ্রাসাছাত্রীর নাম ফারজানা আক্তার (১২)। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামে তাকে সাপে কামড়ায়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে প্রতিষেধক ছিল না। পরে তাকে নেওয়া হয় বাগেরহাট সদর হাসপাতালে। সেখানেও কোনো প্রতিষেধক ছিল না। পরে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফারজানা নিয়ামুল হোসেন শেখের মেয়ে এবং কচুয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ফারজানার মেজ চাচা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে বিদ্যুৎ চলে যায়। সাড়ে নয়টার দিকে ফারজানা ও তার ভাই দাদির সঙ্গে ঘুমাতে যায়। এর ১০ মিনিট পর ফারজানা সাপ সাপ বলে চিৎকার করে ওঠে। তখন তাঁরা ছুটে গিয়ে দেখেন, ফারজানার পায়ের গোড়ালির সামান্য ওপরে সাপের কামড়ের ক্ষত। সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে পা বেঁধে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসকেরা বলেন, এখানে সাপে কাটা রোগীর প্রতিষেধক নেই। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেও একই কথা শোনানো হয়।

ফারজানার বাবা নিয়ামুল শেখ বলেন, একটা প্রতিষেধক থাকলে তাঁর মেয়েটাকে এভাবে মরতে হতো না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার দাস বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম (সাপে কাটা রোগীর বিষ ক্ষয়ে ব্যবহৃত প্রতিষেধক) নেই। তাই তাঁরা শিশুটির চিকিৎসা দিতে পারেননি।

সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অরুণ চন্দ্র মণ্ডল বলেন, সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য প্রতিষেধক না থাকায় ফারজানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, বাগেরহাটের কোনো হাসপাতালেই ভ্যাকসিন নেই। স্বাস্থ্য অধিদপ্তরকে ভ্যাকসিনের জন্য বারবার চিঠি দিলেও তারা তা দিচ্ছে না।

এদিকে যশোরের বেনাপোলে মুসা হোসেন (২৫) নামের এক যুবককে শুক্রবার রাত ১০টার দিকে কামড়ায়। তাঁর বাড়ি বেনাপোল বন্দর থানার সাদীপুর গ্রামে। তাঁর বাবা মো. আসাদুজ্জামান বলেন, পাশের রঘুনাথপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন মুসা। পথে সাদীপুর মাঠের মধ্যে পৌঁছালে তাঁকে সাপে কামড়ায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।