সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবলে কছিম উদ্দিন ওরফে কচু খাঁ (৫০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়চওনা হাটে এ ঘটনা ঘটে।
কচু খাঁর বাড়ি উপজেলার বড়চওনা চাম্বলতলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন হাটে গিয়ে সাপের খেলা দেখিয়ে এবং তাবিজ-কবজ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
বড়চওনা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রত্যক্ষদর্শী আতিকুল হক জানান, গতকাল গরুর হাটের পাশে মাঠের কোনায় সাপুড়ে কচু খাঁ সাপের খেলা দেখাচ্ছিলেন। একপর্যায়ে ঝুড়ি থেকে বিষধর গোখরা বের হয়ে ফোঁসফাঁস করছিল। ওই সময় ফণা তুলে গোখরাটি সাপুড়েকে ছোবল মারে। খেলা দেখতে আসা ঘিরে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই সাপুড়ের মৃত্যু হয়। অনেকে সাপের ভয়ে ছোটাছুটি করে। সাপটি ফণা তুলে ওখানেই অবস্থান নেয়। পরে সাপুড়ের স্ত্রী এসে ওই সাপসহ বাকি সাপগুলো নিয়ে যান।
বিকেলে হাটের লোকজন টাকা তুলে সাপুড়ের দাফনের ব্যবস্থা করে।
বড়চওনা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার সাপুড়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।