সাপের ছোবলে 'স্বপ্নের' মৃত্যু
স্বপ্ন ছিল লেখাপড়া করে একদিন বড় হবেন। অভাবের সংসারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা। এবারের এইচএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর তাই আবার শুরু করেছিলেন লেখাপড়া। কিন্তু সাপের ছোবল সেই স্বপ্নকে থামিয়ে দিল হঠাৎ করে।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভগবানপুর গ্রামের বিল্লাল হোসেন (২২) লেখাপড়ার খরচ চালানোর জন্য কৃষিশ্রমিকের কাজ করতে সদর উপজেলার চন্দ্রজানী গ্রামে যান। গত রোববার রাতে তাঁকে সাপ ছোবল দেয়। গতকাল সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিল্লালের বাবা নবীছ উদ্দিন জানান, তিনি নিজেও পেশায় কৃষক। স্ত্রী ও তিন সন্তান নিয়েই সংসার। সন্তানদের মধ্যে বিল্লাল সবার বড়। এবার তিনি কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর জিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। এরপর তিনি ছেলেকে বলেছিলেন, পড়ালেখার খরচ চালানোর সামর্থ্য তাঁর নেই। এ কথা শুনে বিল্লাল বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজে ভর্তি হন।
বিল্লালের বন্ধু কোটচাঁদপুরের দোড়া গ্রামের সুজন হোসেন বলেন, তাঁরা কয়েক বন্ধু মিলে ওই কলেজে ভর্তি হন। নিজেদের পড়ালেখার খরচ জোগাতে দিনমজুরের কাজ করার সিদ্ধান্ত নেন তাঁরা। গত রোববার তাঁরা দিনমজুরির কাজের সন্ধানে ঝিনাইদহ শহরের হাটে যান। সেখান থেকে তিনি ও বিল্লাল কাজ নেন চন্দ্রজানী গ্রামের জাহাঙ্গীর হোসেনের খেতে। কাজ শেষে রাতে চাটাই দিয়ে ঘেরা একটি ঘরে তাঁরা ঘুমিয়ে পড়েন। এরপর রাতে বিল্লালকে সাপে ছোবল দেয়। রাতেই তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে তিনি মারা যান।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বায়েজিদ বিশ্বাস সাপের ছোবলে বিল্লালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।