সাপের ছোবলই খেল সাপুড়ে ও তাঁর ছেলেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ ধরা ও তা নিয়ে খেলা করাটাই তাঁর নেশা ও পেশা। সাপে কাটা রোগীদের চিকিৎসাও দিতেন। কিন্তু সাপ ধরতে গিয়েই ঘটে প্রথম বিপত্তি। সাপের কামড়ে মারা যান ছেলে। এরপরও দুটি সাপ ধরে আনেন সাপুড়ে। পরদিন সেই সাপের ছোবলেই প্রাণ গেছে তাঁর।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারের পাশে নন্দীপাড়ায়। মারা যাওয়া দুজন হলেন গ্রামের সাপুড়ে মনিপদ বিশ্বাস (৬০) ও তাঁর ছেলে কুমারেশ বিশ্বাস (৩০)।
বিজলী রানী বিশ্বাস নামের এক স্বজন বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সাপুড়ে মনিপদ ছেলে কুমারেশকে নিয়ে গত শুক্রবার দুপুরে পাশের নড়িহাটি কালীমন্দিরে সাপ ধরতে যান। সাপ ধরার সময় ছেলে কুমারেশকে সাপ কামড় দেয়। তিনি ওই দিন বিকেলেই মারা যান। সাপুড়ে মনিপদ বিশ্বাস ওই স্থান থেকে দুটো সাপ ধরে মাটির হাঁড়িতে করে বাড়ি নিয়ে আসেন। পরদিন শনিবার সন্ধ্যায় এক সাপুড়ের কাছে বিক্রির জন্য তিনি সাপ দুটি হাঁড়ি থেকে বের করার চেষ্টা করেন। এ সময় ওই সাপ তাঁকে কামড় দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর তাঁকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন কুমার বিশ্বাস ও নার্স খায়রুল ইসলাম প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী বলছেন, মনিপদ বিশ্বাস ৪০ বছর ধরে সাপ ধরা ও বিক্রির পেশায় সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তিনি সাপে কাটা রোগীদের চিকিৎসাও দিতেন। কিন্তু নিজের ছেলেকে সাপে কাটলেও তাঁকে তিনি বাঁচাতে পারেননি। এমনকি সেই সাপের ছোবলে তাঁর নিজের প্রাণও গেল।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই। পুলিশকে কেউ জানায়নি।’