সাপের বন্ধু রবিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ শুনলেই আতঙ্কে আঁতকে ওঠেন সবাই। আর রবিন বাড়িয়ে দেন মমত্বের হাত। উদ্ধার হওয়া আহত একটি সাপ হাতে রবিন। ছবিটি গত বুধবার বেলা ১১টায় তোলা l জুয়েল শীল
সাপ শুনলেই আতঙ্কে আঁতকে ওঠেন সবাই। আর রবিন বাড়িয়ে দেন মমত্বের হাত। উদ্ধার হওয়া আহত একটি সাপ হাতে রবিন। ছবিটি গত বুধবার বেলা ১১টায় তোলা l জুয়েল শীল

ঘরে ঢুকে পড়েছে সাপ! হইহই পড়ে যায় চারপাশে। লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত সবাই। মেরে তবেই ক্ষান্ত। হামেশাই এই চিত্র চোখে পড়ে। কিন্তু একজন ব্যতিক্রম। তিনি সাপ মারতে নয়, বাঁচাতে যান। সাপের সন্ধান পেলেই নিজের উদ্যোগে ছুট। উদ্ধার করেন আহত সাপ। এরপর চলে শুশ্রূষা। তারপর আবার বনে ছেড়ে দেন। সাপের এই বন্ধুর নাম ফজলে রাব্বি। সবার কাছে পরিচিত রবিন নামে।
গত ২৬ অক্টোবর অন্য একটি সংবাদের তথ্য সংগ্রহের জন্য ষোলোশহর ২ নম্বর গেটে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রােমর সহকারী বন সংরক্ষকের (এসিএফ) কার্যালয়ে গেলে কথা হয় তাঁর সঙ্গে। রবিন শুরুতে নিজে কাজ শুরু করলেও এখন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
বর্তমানে তাঁর তত্ত্বাবধানে রয়েছে আট প্রজাতির ২০টি সাপ—অজগর, দাঁড়াশ, লাউডগা, গোখরা, ঘরগিনি, সবুজ বোড়া, আনচারা ও পদ্মগোখরা। শিগগির বিভিন্ন বনাঞ্চলে এসব সাপ অবমুক্ত করা হবে। বিষয়টি দেখভাল করেন বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা এবং বন বিভাগের কর্মকর্তারা।
সাপ নিয়ে কাজ করতে ভয় লাগে না? হেসে রবিন জবাব দেন, ‘আমি তো সাপকে ভালোবাসি। ভয় কেন লাগবে? আমাদের মধ্যে সাপ নিয়ে একধরনের ভীতি আছে। সেটা ভুল। সব সাপ বিষধর নয়। আর সাপকে কেউ উৎপাত না করলে সে কাউকে ছোবল দেয় না। আমরা বেশি ভয় থেকে সাপকে মারতে যাই বলে সাপও তেড়ে আসে।’
বিচিত্র এই কাজে কীভাবে এলেন? রবিন বললেন, ‘ছোটবেলা থেকে কবুতর পুষতাম। এভাবে প্রাণীদের প্রতি আমার আলাদা একটি জায়গা তৈরি হয়। বয়স বাড়ার সঙ্গে বিষয়টি আমাকে ভালোই নাড়া দিতে থাকে। আশপাশে দেখতাম মানুষের যত আক্রোশ সাপের ওপর। আমার মায়া হতো। এমনকি দাঁড়াশ সাপ ধরেও মানুষ মেরে ফেলে। অথচ এই সাপটি একেবারেই নিরীহ। সাপ না মারতে মানুষকে বোঝাতাম। তারা আমার কথা কানেই তুলত না। এর মধ্যে ২০০৫ সালে উচ্চমাধ্যমিক পাস করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করেই মা অসুস্থ হয়ে পড়েন। লেখাপড়ায় কিছুটা ছেদ পড়ে। স্নাতকে পড়ার চেষ্টা করি। তাও বেশি দূর এগোয়নি। এরপর পরিবারের লোকজন ২০১৩ সালের জুন মাসে অটোমোবাইলের ওপর ডিপ্লোমা করার জন্য পাঠিয়ে দেন মালয়েশিয়া। সেখানে গিয়ে নতুন এক অভিজ্ঞতা হলো আমার। সেখানকার বাকু নামের একটি স্থানে সাপের খামার আছে জেনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। সেখানে ছুটে যাই। গিয়ে দেখি তারা কীভাবে সাপ ধরে তার পরিচর্যা করে। এভাবে ছয় মাস কাটানোর পর পড়ালেখা বাদ দিয়ে চলে আসি দেশে। এসেই লেগে পড়ি সাপ ধরার কাজে।’
রবিন জানান, সাপ ধরা শেখার জন্য পুরো এক বছর সাভার ও সুনামগঞ্জে সাপুড়েদের সঙ্গে কাটিয়েছেন। নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ। এ ছাড়া ইউটিউব ও ইন্টারনেটের মাধ্যমে সাপ সম্পর্কে জেনেছেন ভালোভাবে। এরপর ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে পুরোদমে কাজে লেগে পড়েন। এ পর্যন্ত তাঁর একক চেষ্টায় ১৫টি আহত সাপ সুস্থ করে অবমুক্ত করা হয়।

রবিনের হাতে উদ্ধার হওয়া সবুজ বোড়া
রবিনের হাতে উদ্ধার হওয়া সবুজ বোড়া

সাপের প্রতি এমন মমত্বের জন্য একটা সময় হারিয়েছেন প্রিয়জনদের ভালোবাসা। বাবা নেই, মা অসুস্থ। ভাইবোনেরা ব্যাপারটি পছন্দ করতেন না। ফলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে হলেও থাকছেন চট্টগ্রাম শহরে। পেট চলে কবুতরের বাক্স বিক্রি করে। এর থেকে মাসে আয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। তা দিয়েই চলছে তাঁর। অবশ্য এখন ভাইবোনদের সঙ্গে যোগাযোগ আছে।
আলাপচারিতায় রবিন জানান, বন–জঙ্গলের ভেতরে থাকা সুস্থ সাপ নিয়ে তাঁর কোনো আগ্রহ নেয়। তাঁর কাজ হলো যেসব সাপ লোকালয়ে চলে আসে সেগুলো ধরে জঙ্গলে অবমুক্ত করা এবং অসুস্থ সাপকে সুস্থ করে তোলা। চিকিৎসার জন্য অসুস্থ সাপগুলো নিয়ে যান চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে।
এ ব্যাপারে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েসেন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক ভজন চন্দ্র দাশ বলেন, ‘রবিন অসুস্থ ও আহত সাপ নিয়ে প্রায় সময় আমাদের কাছে আসেন। আমরা তাঁকে সহযোগিতা করি।’
কীভাবে সাপের খবর পান? এ প্রশ্নের উত্তরে বলেন, ‘অনেকের কাছে আমার ব্যক্তিগত মুঠোফোন (০১৫৫২৮১৮২৫৪) নম্বরটি সংগ্রহে আছে। সাপ লোকালয়ে এলেই ফোন করে জানায়।’
রবিন বলেন, ‘গত ২৪ আগস্ট সকাল ১০টায় অক্সিজেন এলাকা থেকে এক ব্যক্তি ফোন করে জানান তাঁর বাড়িতে সাপ ঢুকেছে। এক ঘণ্টার মধ্যে পৌঁছে ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা দাঁড়াশ সাপটি উদ্ধার করি। সাপটির বাঁ চোখে আঘাত ছিল। গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় বায়েজিদের আরোফিন নগর থেকে ফোন করে জনৈক সিএনজিচালিত অটোরিকশার চালক মো. কামাল জানান বাড়িতে সাপ ঢুকেছে। অনেক কষ্টে রিকশা নিয়ে মধ্যরাতে পেঁৗছাই তাঁরা বাড়িতে। সেখান উদ্ধার করা হয় থেকে ২৩ ইঞ্চি লম্বা একটি ঘরগিনি সাপ। এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর আরোফিননগর ছিন্নমূল এলাকার থেকে সকাল সাতটায় ফোন পেয়ে গিয়ে একটি বাড়ি থেকে ১৯ ইঞ্চি লম্বা সবুজ বোড়া সাপ উদ্ধার করি। এভাবে বর্তমানে রাখা সব সাপ উদ্ধার করা হয়।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, ‘লোকালয়ে সাপ আসার খবর পেলে আমরা রবিনকে জানাই। আমাদের একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রবিন সেখানে যান। সাপটি আহত হলে চিকিৎসা ও সেবা দিয়ে তিনি সুস্থ করে তোলেন। এরপর বনে অবমুক্ত করা হয়। তিনি আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।’
রবিন সব সময় সাপ নিয়েই থাকতে চান। তবে তাঁর স্বপ্ন বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠার। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা চান।