সাপের বিষ সন্দেহে ১২ কন্টেইনার জব্দ, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লার একটি বাসা থেকে আজ বুধবার সাপের বিষ সন্দেহে ১২টি কন্টেইনার জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনেক আটক করা হয়েছে।
র‍্যাব তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে। আটক করা ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৬০), শামসুল হায়দার (২৮), মিজানুর রহমান (২৫) ও মো. শাহীন (৩৮)।
র‍্যাব সূত্র জানায়, সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল ক্রেতা সেজে আজিজ মহল্লায় একটি বাসায় সাপের বিষ কিনতে যায়। আটক করা ব্যক্তিরা জানান, তাঁরা সাপের বিষ বিক্রি করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে ১২টি কনটেইনার জব্দ করে র‍্যাব।
র‍্যাব-১০ এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, উদ্ধার করা চারটি কন্টেইনারে তরল, চারটি কন্টেইনারে পাউডার ও চারটি কন্টেইনারে দানাদার পদার্থ পাওয়া গেছে। উদ্ধার করা দ্রব্যগুলো বিষ কি না, তা পরীক্ষার জন্য র‍্যাব সদর দপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো সাপের বিষ না-ও হতে পারে। প্রতারণা করে এগুলো বিষ বলে বিক্রি করা হচ্ছে।