
দেশে বর্ষা মৌসুমে সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে। আর সাপের কামড়ের শিকার বেশি হয় গ্রামের মানুষ। সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সাপের কামড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক কৌশলপত্রে’ বলা হয়েছে, বাংলাদেশে বছরে সাপের কামড়ের শিকার হয় ৫ লাখ ৮৯ হাজার ৯১৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বছরে মারা যায় ৬ হাজার ৪১ জন। অথচ উপজেলা পর্যায়ে দেশের বেশির ভাগ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র সাপের বিষক্ষয়ের ওষুধ (ইনজেকশন) নেই।
বর্ষা মৌসুম শুরু হতে বেশি বাকি নেই। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাপের কাপড়ে মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় জেলা-উপজেলা পর্যায়ের সব সরকারি হাসপাতালে সাপের বিষক্ষয়ের পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
গত শুক্রবার রাত আটটার দিকে খুলনা জেলার দাকোপ উপজেলার সাহেবের আবাদ গ্রামে এক ব্যক্তি বিষধর সাপের কামড়ের শিকার হন। তাঁর স্বজনেরা দ্রুত দাকোপ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেন। কিন্তু সাপের বিষক্ষয়ের ইনজেকশন (অ্যান্টিভেনাম) হাসপাতালে নেই বলে স্বজনদের জানান স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা।
এ বিষয়ে খুলনা জেলা সিভিল সার্জন এ এস এম আবদুর রাজ্জাক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, উপজেলা হাসপাতালগুলো থেকে চাহিদা না আসায় সেখানে ওই ওষুধ পাঠানো হয়নি।
প্রথম আলোর পক্ষ থেকে গতকাল কক্সবাজারের মহেশখালী ও উখিয়া, খুলনার দাকোপ, বরগুনার বেতাগী ও আমতলী, পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা হয়। এসব হাসপাতালের কর্তৃপক্ষ বলেছে, তাদের কাছে সাপের বিষক্ষয়ের ওষুধ নেই। এ ছাড়া খুলনা, বরগুনা ও পটুয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য নিয়ে জানা যায়, ওই তিন জেলার কোনো উপজেলা হাসপাতালেই সাপের বিষক্ষয়ের ওষুধ নেই। তিন জেলার উপজেলার সংখ্যা ২৩টি।
বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহিন খান প্রথম আলোকে বলেন, সাপে কাটা ব্যক্তির চিকিৎসা দিতে দক্ষ চিকিৎসক দরকার। জেলার ছয়টি উপজেলার কোনো হাসপাতালে সেই চিকিৎসক নেই। যে কারণে সাপের বিষক্ষয়ের ওষুধের সরবরাহও নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বছরে বিশ্বব্যাপী ৭৯ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। অন্যদিকে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের কারণে অন্ধত্বসহ নানা ধরনের প্রতিবন্ধিতার শিকার হয়।
উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সাপের কামড়ের চিকিৎসার ওষুধের সরবরাহ নেই বলে স্বীকার করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। প্রথম আলোকে তিনি বলেন, সব হাসপাতালে এই ওষুধ থাকার দরকারও নেই। কারণ, প্রশিক্ষিত চিকিৎসক ছাড়া এই ওষুধ প্রয়োগে ঝুঁকি আছে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, সাপের বিষক্ষয়ের ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। যেমন ইনজেকশন প্রয়োগের পর আক্রান্ত ব্যক্তিদের অনেকের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তখন পরিস্থিতি সামাল দিতে পারবেন কি না, এই আশঙ্কায় কিছু চিকিৎসক সাপের বিষক্রিয়ার চিকিৎসা করতে চান না।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অতীতে দেখা গেছে উপজেলা হাসপাতালে ওষুধ পাঠালেও তা ব্যবহৃত হয় না। ওষুধের মেয়াদ ফুরিয়ে যায়। ওষুধ নষ্ট হয়।
>
- বর্ষা মৌসুমে গ্রামের মানুষ সাপের কামড়ের শিকার বেশি হয়।
- বিশেষ করে উপজেলা হাসপাতালে ওষুধ নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের ‘আঘাত প্রতিরোধ কর্মসূচি’র আওতায় সাপের কামড়ের চিকিৎসার বিষয়টি তদারকি করা হয়। এই কর্মসূচির উপব্যবস্থাপক রাজীব আল-আমিন প্রথম আলোকে বলেন, সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার মডিউল (নির্দেশিকা) সব উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন তাঁরা। এ ব্যাপারে চিকিৎসকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তিনি বলেন, গত অর্থবছরে পাঁচ হাজার ইনজেকশন কেনা হয়েছিল। সাড়ে তিন হাজার চাহিদার ভিত্তিতে বিতরণ করা হয়েছে। কিন্তু উপজেলা হাসপাতাল থেকে চাহিদা না দিলে সেখানে ওষুধ পাঠানো হয় না।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, গ্রামে সাপের কামড়ের ঘটনা বেশি ঘটলে সেখানে চিকিৎসার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। যে কারণে সাপের কামড়জনিত অসুস্থতা ও মৃত্যুর হার শহরের তুলনায় গ্রামে অনেক বেশি। কুসংস্কারের কারণে সাপের কামড়ের শিকার অনেকে প্রথমে চিকিৎসকের কাছে যান না। তার পরিবর্তে ঝাড়ফুঁক ও কবিরাজের শরণাপন্ন হন। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে সাপে কাটা ব্যক্তির জীবন হুমকির মুখে পড়ে যায়। সাপে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
সাপের বিষ ও সাপের কামড়ের চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ। তিনি প্রথম আলোকে বলেন, বর্ষার সময় সাপ গর্ত থেকে বেরিয়ে আসে। এই সময় সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে। তাই এখন সব হাসপাতালে সাপের বিষক্ষয়ের ওষুধের মজুত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চিকিৎসকদেরও এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে।