সাপের ভয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপের ভয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের পূর্ব গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি শ্রেণির পাঠদান সাময়িক স্থগিত করা হয়েছে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে মাঠে বেঞ্চ বসিয়ে।
১ নভেম্বর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাপ-আতঙ্ক দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, তিন কক্ষের বিদ্যালয় ভবনের সব কক্ষই ফাঁকা। পঞ্চম শ্রেণির আটজন শিক্ষার্থীকে বিদ্যালয় ভবনের সামনে বেঞ্চ বসিয়ে পাঠদান করছেন শিক্ষিকা দীপ্তি রানী দাস। তিনি বলেন, কয়েক দিন ধরে শ্রেণিকক্ষে সাপের উপদ্রবের কারণে শিক্ষার্থীরা বসতে ভয় পায়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঠে বসিয়ে পাঠদান করা হচ্ছে। এর পরও ভয়ে শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশই অনুপস্থিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, ১ নভেম্বর সকালে শ্রেণিকক্ষ এবং অফিস কক্ষে একাধিক জাতের কয়েকটি সাপ ঘোরাফেরা করতে দেখা যায়। এতে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম দিন তাঁরা কয়েকটি সাপ মেরে ফেলেন। পরদিনও একইভাবে সাপ ঘোরাফেরা করতে দেখে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এরপর শিক্ষা কর্মকর্তা প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান সাময়িক স্থগিত রাখতে এবং মাঠে বেঞ্চ বসিয়ে পঞ্চম শ্রেণির পাঠদান অব্যাহত রাখতে বলেন। পাশাপাশি কার্বলিক অ্যাসিড দেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান শিক্ষক জানান, এরপর বিদ্যালয়ের প্রতিটি কক্ষেই কার্বলিক অ্যাসিড দেওয়া হয়। কিন্তু তাতেও সাপের উপদ্রব কমেনি। গত চার-পাঁচ দিনে প্রায় ৫০টি সাপ মারা হয়েছে। সাপের ভয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অর্পণা রানী ঘোষ বলল, ‘সাপের ভয়ে বাবা-মা বিদ্যালয়ে আসতে নিষেধ করেন। সামনে পরীক্ষা হওয়ায় স্কুলে এসেছি। কিন্তু সারাক্ষণ সাপের ভয় লাগে।’ একই কথা বলল একই শ্রেণির আরও কয়েকজন শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, সাপ-আতঙ্কের কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় পাঠদান সাময়িক স্থগিত রাখতে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঠে পাঠদান করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, সাপের সম্ভাব্য আবাসস্থল বিদ্যালয় ভবনের মেঝের নিচে হওয়ায় তাঁর পক্ষে পাকা মেঝে ভাঙার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করবেন।