সাপের শেষ রাখতে নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাপের শেষ রাখতে নেই, বেইমানের ক্ষমা নেই। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সামাজিক সহায়তা উদ্যোগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৩ বছর উদযাপন, বীরাঙ্গনাদের সংবর্ধনা, একাত্তরের স্মৃতিচারণ ও ভাতা বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধে দুটি পক্ষ থাকে। একটি শত্রুপক্ষ আর একটি বেইমানপক্ষ বা বিশ্বাসঘাতকপক্ষ। একাত্তরে পাকিস্তানি সৈন্য ছিল শত্রুপক্ষ আর জামায়াত-রাজাকার-আলবদর ছিল বেইমানপক্ষ। একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধী বেইমানদের বিচার করতে না পারা ছিল আমাদের ঐতিহাসিক মহাভুল।’ তিনি বলেন, যুদ্ধে পরাজিত বেইমানরা ঘাপটি মেরে আছে। তারা ভুল স্বীকার করেনি। জামায়াতের জঙ্গিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিচার শেষ করব, সাজা কার্যকর করব, অপরাধ করলে বিচার হয় এটা প্রমাণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করব।’
বাসসের খবরে বলা হয়, বিএনপির নেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের জঙ্গিবাদের জননী উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ ত্যাগ না করলে খালেদা জিয়াকে জঙ্গিবাদের মতো বিতাড়িত করতে হবে।
সামাজিক সহায়তা উদ্যোগের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদ, কিশোরগঞ্জ জেলার বীরাঙ্গনা কমলা খাতুন, ময়মনসিংহের বীরাঙ্গনা পয়রবি নেছা প্রমুখ।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ১৫ জন বীরাঙ্গনাকে ভাতা দেওয়া হয়। এ ছাড়া ‘বীরাঙ্গনা বীর মাতার জবানিতে ৭১-র ভয়াল স্মৃতি’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।