বাংলাদেশ প্রেস কাউন্সিল সাপ্তাহিক ইন্ডাস্ট্রি নামের একটি পত্রিকাকে হলুদ ও অপসাংবাদিকতার দায়ে ভর্ৎসনা করেছেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন। রায়ে পত্রিকাটির এ ধরনের কর্মকাণ্ডে ভর্ৎসনা জানিয়ে ভবিষ্যতে এ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রেস কাউন্সিল।ওই পত্রিকাটির বিরুদ্ধে বেসিক ব্যাংক লিমিটেডের এক মামলার পরিপ্রেক্ষিতে ১৯ মে দেওয়া প্রেস কাউন্সিলের রায়ে ওই ভর্ৎসনা ও সতর্ক করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি বি কে দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারিক কমিটি এ রায় দেন। কমিটির অপর সদস্যরা হলেন ইকবাল সোবহান চৌধুরী, শামসুজ্জামান খান, এম শাহজাহান মিয়া ও কার্তিক চ্যাটার্জি। রায়ে বলা হয়, সাপ্তাহিক ইন্ডাস্ট্রি পত্রিকা প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ না করে একতরফাভাবে বেসিক ব্যাংক এবং এর উপব্যবস্থাপক সাহাবুদ্দোজার বিরুদ্ধে বানোয়াট ও অসত্য সংবাদ ছেপেছে। এভাবে ব্যাংক ও ওই ব্যক্তির বিরুদ্ধে জনসমক্ষে অসত্য তথ্য প্রকাশ করে পত্রিকাটি হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির এ ধরনের অপসাংবাদিকতায় কাউন্সিল ক্ষুব্ধ।এ ছাড়া রায়ে বলা হয়, শুনানির তারিখে অনুপস্থিত থেকে সাপ্তাহিক ইন্ডাস্ট্রি পত্রিকা প্রেস কাউন্সিলের আদেশ অমান্য করায় এবং মিথ্যা তথ্য সরবরাহ করার কারণেও কাউন্সিল পত্রিকাটিকে ভর্ৎসনা করেছেন। রায়ে মামলাটি আংশিক মঞ্জুর করা হয়েছে বলে উল্লেখ করে বলা হয়, অর্থঋণ আদালতে বিচারাধীন মামলাগুলো সেখানেই নিষ্পত্তি হবে। বিজ্ঞপ্তি।