সাপ্তাহিক ছুটি কমানোর ঘোষণা মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মাহফুজ চৌধুরী দায়িত্ব নেওয়ার পর তাঁর পৌরসভায় সরকারি ছুটি একদিন কমিয়ে আনবেন বলে ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় আক্কেলপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আক্কেলপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র বলেন, এই পৌরসভায় বহু নাগরিক সমস্যা আছে। তাই পৌরসভায় সাপ্তাহিক সরকারি ছুটি একদিন কমিয়ে আনা হবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা শুধু শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি ভোগ করবেন। শনিবার পৌরসভা যথারীতি খোলা থাকবে। এ সময় পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী অফিস করবেন। মেয়র হিসেবে দায়িত্ব শুরুর পরপরই এটি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমান সাদেক বলেন, নবনির্বাচিত মেয়র এখানকার নাগরিকদের সুবিধার্থে পৌরসভায় সাপ্তাহিক সরকারি ছুটি একদিন কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন উপজেলা জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমান, মেয়র-পত্নী কামরুল নাহার এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মেয়রের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় মেয়র পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
নবনির্বাচিত মেয়র গোলাম মাহফুজ চৌধুরী এখনো শপথ নেননি। আগের মেয়র কাছ থেকে তিনি দায়িত্বও বুঝে পাননি। শপথের আগেই তিনি নিজ উদ্যোগে পৌরভবন সংস্কারের কাজ শুরু করেছেন। এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘দায়িত্ব নেওয়ার আগেই পৌরভবন সংস্কার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।