সাপ্তাহিক ছুটির দিনে ঈদবাজারে ছিল ভিড়
চাকরি, সংসার আরও অনেক কিছু সামলে ঈদের কেনাকাটায় সময় বের করতে হয়। নগরবাসী কেনাকাটার জন্য তাই সরকারি ছুটির দিনটিকে বেছে নেয়। ছুটির দিনের ভিড় মাথায় রেখে বিক্রেতাদেরও প্রস্তুতি থাকে।গতকাল ছিল রমজানের দ্বিতীয় শুক্রবার। অনেক পরিবারের সব সদস্য একসঙ্গে বাজারে বেরিয়েছিল। পরিবারের ছোট সদস্যটির দেখভাল করা অথবা ব্যাগ বয়ে নেওয়ার জন্য অনেকেই গৃহকর্মীকেও সঙ্গে এনেছিলেন। নগরের বিপণিবিতান, ফ্যাশন হাউস ও বুটিকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।ছুটির দিনে স্বামীর কাছে সন্তানদের রেখে বাজারে বেরিয়েছিলেন মোহাম্মদপুরের গৃহিণী মীম। দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিউমার্কেট ও গাউছিয়ায় দোকানে দোকানে ঘুরেছেন, পছন্দের জিনিস কিনেছেন। মীম বলেন, ‘মানুষের ধাক্কায় সে এক কঠিন অবস্থা। জিনিসপত্রের দাম যা ধারণা করে গিয়েছিলাম, দোকানে দেখি প্রায় দ্বিগুণ। ঘুরতে হয়েছে বেশি, সবকিছু কেনা সম্ভব হয়নি।’ভিড়ের ব্যাপারে অন্য এক ক্রেতা বলেন, ‘মনে হয় হজ করতে এসেছি। হজের সময় সবাই যেমন হাঁটতে থাকে, মার্কেটে এসে সেভাবেই শুধু হাঁটছি।’অনেকে ভিড়ের ভয়ে বড় মার্কেটগুলোতে ঢুঁ দেননি। ধানমন্ডির বাসিন্দা বরিষা বলেন, ‘মাথা খারাপ নাকি! এই ভিড়ের মধ্যে মরতে গাউছিয়া, নিউমার্কেটে যাব?’ তবে ছুটির দিনটিকে কাজে লাগাতে বরিষা শংকরের কাছে অটবি শোরুম থেকে একটি খাট কিনেছেন। ভিড় এড়াতে সকাল ১০টায় শোরুমে হাজির হয়েছিলেন।বেসরকারি সংস্থায় কর্মরত আশিকুর রহমান বলেন, ‘দুপুর ১২টায় গুলশানের আড়ংয়ে ঢোকা মাত্রই ধাক্কা। ভিড়ের কারণে কিছু না কিনেই বের হয়ে আসি।’ঈদের বাজারে সবচেয়ে বেশি ও ভালো জিনিসের সমাহার ঘটে। তাই ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও ঈদের বাজারে শামিল হয়। জিগাতলার লিপিকা দত্ত বলেন, ‘আড়ংয়ের বিক্রয়কর্মীরাই বলাবলি করছিলেন যে ভিড় বড্ড বেশি।’ ফার্মগেটের রিমা বলেন, ‘সামনে শুধু মাথা দেখা যাচ্ছে, জামা-কাপড় আর দেখব কোথা থেকে!’মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে চন্দ্রবিন্দু ফ্যাশন হাউসের মালিক মো. শহিদুল ইসলাম বলেন, ‘গতবারের চেয়ে এবার ক্রেতার ভিড় বেশি। ইফতারের পর ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে।’ জানালেন তাঁর বেচাবিক্রি ভালো হচ্ছে।মিরপুর রোডে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প নগরদোলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। ইফতারের আগে বিক্রয়কর্মী নুসরাত বলেন, ভিড় বেশি, তাই বিক্রি ভালো হয়েছে। ইফতারের পরে ভিড় আরও বাড়বে এমন আশা ছিল তাঁর।