দ্রুত বিচার নিশ্চিত করার জন্য দেশের নিম্ন আদালতের বিচারকদের সাপ্তাহিক ছুটির দিনেও নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে দেশের অধস্তন আদালতের বিচারকদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে। ২ জুন জারি করা এ নোটিশে বলা হয়েছে, সারা দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন মামলা কমানো, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিহার, সর্বোপরি দ্রুত বিচারের লক্ষ্যে দেশের বিভিন্ন আদালতে কর্মরত সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটির দিনেও কর্মস্থলে থাকা দরকার। এ জন্য অধস্তন আদালতে কর্মরত সব পর্যায়ের বিচারকদের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে না জানিয়ে কর্মস্থল না ছাড়ার নির্দেশ দেওয়া হলো।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বলেন, নোটিশে কর্মস্থল বলতে সংশ্লিষ্ট জেলা বা এলাকার কথা বোঝানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় জানায়, সারা দেশের অধস্তন আদালতগুলোতে প্রায় ২৮ লাখ মামলার জট কমানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এর আগে আরও দুটি নোটিশ দেওয়া হয়েছিল। গত ৪ মে জারি করা এক নোটিশে বলা হয়, অধিকাংশ জেলায় আদালতের বিচারিক কর্মঘণ্টার দ্বিতীয় ভাগে (বেলা দুইটা থেকে সাড়ে চারটা) আইনজীবীরা এজলাসে না থাকায় বিচারকাজ পরিচালনায় বিঘ্ন ঘটছে। বিচারাধীন মামলার সংখ্যা কমাতে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার করতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চলতি বছরের শুরুতে দায়িত্ব নেন। এরপর গত ২২ জানুয়ারি প্রথম নোটিশটি জারি করেন সুপ্রিম কোর্ট। ওই নোটিশে বলা হয়, জেলা বা মহানগর দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পূর্বানুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।