সাপ্তাহিক বিরতি পরিবর্তন হচ্ছে সুবর্ণ ও সোনার বাংলা ট্রেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিরতিহীন আন্তনগর ট্রেন ‘সুবর্ণ’ ও ‘সোনার বাংলা’ এক্সপ্রেসের সাপ্তাহিক বিরতির দিন পরিবর্তন হচ্ছে। শুক্র ও শনিবারের পরিবর্তে অন্য যেকোনো দিনে ট্রেন দুটির বিরতি দেওয়া হবে। চলতি মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। তাঁরা আশা করছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে রেলের আয় বাড়বে এবং যাত্রীদেরও সুবিধা হবে।
বর্তমানে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বিরতি শুক্রবার এবং সোনার বাংলার শনিবার। রেলের কর্মকর্তারা বলছেন, সাপ্তাহিক ছুটির এই দুদিনে যাত্রীদের যাতায়াত বেশি হয়। এ কারণে সুবর্ণ এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে সোমবার এবং সোনার বাংলা শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এ-সংক্রান্ত একটি প্রস্তাব চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর থেকে ঢাকায় রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে। গত ৩০ এপ্রিল রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে এ নিয়ে বৈঠক হয়। এতে দুটি ট্রনের বিরতির দিন পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ দায়িত্বশীল কর্মকর্তাদের ওপর ছেড়ে দেওয়া হয়।
দেশের রেলযোগাযোগব্যবস্থা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল—দুটি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। ঢাকা-চট্টগ্রাম রেলপথ পূর্বাঞ্চলের আওতাধীন।
পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে সুবর্ণ ও সোনার বাংলা একসঙ্গে চালু রাখা হলে রেলের আয় আরও বাড়বে। যাত্রীরাও যাতায়াতে সুবিধা পাবেন। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত রেল ভবনে পাঠানো হয়েছে।
গত বছরের ২৬ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। এটি ঢাকা-চট্টগ্রাম রেলপথের দ্বিতীয় বিরতিহীন আন্তনগর ট্রেন। এর আগে প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে ১৯৯৮ সালের ১৪ এপ্রিল থেকে। বাংলাদেশে এখন এই দুটি ট্রেনই বিরতিহীন চলাচল করে।
রেলওয়ে সূত্র জানায়, গত এপ্রিল মাসে সোম থেকে বুধবার সপ্তাহের এই তিন দিনে গড়ে চট্টগ্রাম থেকে ৭০৭ জন যাত্রী সুবর্ণ এক্সপ্রেসে করে ঢাকায় গেছেন। একই সময়ে গড়ে ৭৫৭ জন যাত্রী ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের দৈনিক গড় আয় হয়েছে ৩ লাখ ৪৮ হাজার টাকা। ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে গড় আয় হয়েছে ৩ লাখ ৫৩ হাজার টাকা করে। অন্যদিকে বৃহস্পতি, শনি ও রোববার সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকায় গড়ে দিনে ৮৭১ জন এবং ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে গড়ে ৮৪৯ জন যাত্রী পরিবহন করেছে। এতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে রেলের গড় আয় দিনে ৪ লাখ ৩৫ হাজার টাকা এবং চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে গড় আয় ৪ লাখ ২২ হাজার টাকা। শুধু শনিবার যাত্রী পরিবহনের কারণেই ওই তিন দিনের গড় আয় বেশি হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সোনার বাংলার ক্ষেত্রেও সোম থেকে বুধবারের চেয়ে বৃহস্পতি, শুক্র ও রোববারের গড় আয় বেশি। গত এপ্রিল মাসে সোনার বাংলা ট্রেনটি সোম থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন গড়ে ৫৬৫ জন যাত্রী (চট্টগ্রাম থেকে ঢাকা) পরিবহন করেছে। দিনে গড় আয় ৪ লাখ ৩৯ হাজার টাকা। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনে গড়ে ৩৭০ জন যাত্রী পরিবহন করেছে। দৈনিক আয় হয় ২ লাখ ৮১ হাজার টাকা। এতে দেখা যায় বৃহস্পতি, শুক্র ও রোববার ট্রেনটির যাত্রী পরিবহন এবং আয় বেশি।
দুটি ট্রেনের সাপ্তাহিক বিরতি পরিবর্তনের বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, সাপ্তাহিক ছুটির দিনে দুটি ট্রেন চালু রাখার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন। এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত মানুষকে জানাবেন।