সাপ্তাহিক মজুরি নিয়ে জটিলতার জের ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকেরা। গতকাল রোববার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মিলের অভ্যন্তরে রেলপথ ও গেটসংলগ্ন অক্সিজেন-মুরাদপুর সড়ক অবরোধ করেন। পরে মিল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
আমিন জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, জনতা, সোনালী, ডাচ্-বাংলা, ইসলামী ও এনসিসি ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়। জনতা, সোনালী ও ডাচ্-বাংলা ব্যাংকে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা বৃহস্পতিবারই মজুরি পেয়ে যান। ইসলামী ও এনসিসি ব্যাংকের অ্যাকাউন্টধারী প্রায় ১ হাজার ১০০ শ্রমিক রোববারও তাঁদের মজুরি পাননি। এ জন্য কয়েক শ শ্রমিক বেলা দুইটার দিকে সড়ক ও রেলপথ অবরোধ করেন। মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হলে বেলা তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরগামী বেলা দেড়টা ও আড়াইটার শাটল ট্রেন আটকা পড়ে। এতে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফারহানা আফরোজ প্রথম আলোকে বলেন, ‘বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা নগরগামী শাটল ট্রেনটি আমিন জুট মিলের সামনে এসে পৌঁছায় বেলা দুইটায়। কিন্তু সেখানে শ্রমিকদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
আমিন জুট মিলের মহাব্যবস্থাপক খান মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার ব্যাংকে শ্রমিকদের মজুরি জমা দেওয়া হয়। কিন্তু প্রক্রিয়াগত জটিলতার কারণে তা রোববার সকালেও পাননি শ্রমিকেরা। এ জন্য শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে শ্রমিকদের।