সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গতকাল বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম ষ প্রথম আলো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গতকাল বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম ষ প্রথম আলো

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এ দেশের তরুণদের সাফল্যের ক্ষেত্রও অনেক বেশি। তবে সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হবে। কাজের প্রতি একনিষ্ঠ থাকতে হবে।
গতকাল শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সাবিরুল এসব কথা বলেন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো। স্থানীয় আয়োজক হিসেবে ছিল স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এবং সাস্ট ক্যারিয়ার ক্লাব।
বেলা একটায় অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হয় সাড়ে তিনটায়। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইঞা। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক মাসুদ আলম, জেসিআইয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম।
দ্বিতীয় পর্বে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন তরুণ উদ্যোক্তা সাবিরুল নিজের জীবনের গল্প ও সাফল্যের কাহিনি শিক্ষার্থীদের শোনান। শুরুতেই সাবিরুল ইসলাম ‘সিলেটি’ হিসেবে নিজের পরিচয় দেন। তিনি বলেন, ‘আমার বাবার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। আমি এ মাটির সন্তান। এই দেশ আমার শিকড়। আরও আগে আমাকে বাংলাদেশে এসে স্বজাতিকে নিয়ে কাজ করা উচিত ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আমি এখন বাংলাদেশে এসেছি তরুণদের মধ্যে সফল উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ছড়িয়ে দিতে। আমি চাই, বাংলাদেশের তরুণদের সাফল্যগাথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।’ সাবিরুল জানান, তিনি বিশ্বের বিভিন্ন দেশে ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন, যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা। সে লক্ষ্যে বিশ্বের ২৫টি দেশের আট লাখেরও বেশি তরুণের সামনে সফল হওয়ার কায়দাকানুন নিয়ে কথা বলেছেন। একই উদ্দেশ্যে ২২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন, থাকবেন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়টাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণদের উদ্দেশে বক্তৃতা করছেন।
সাবিরুল বলেন, বাংলাদেশে, বিশেষ করে সিলেটিদের মধ্যে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী হওয়ার প্রবণতা বেশি। অথচ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বেশির ভাগ সিলেটি প্রকৃত সফল হতে পারছেন না। এর ফলে অনেকেই নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। অথচ কখনোই তাঁরা এটা ভাবেন না যে, এই বাংলাদেশে থেকেও সফল হওয়া সম্ভব। প্রতিভার প্রস্ফুটন ঘটিয়ে পুরো বিশ্বকে তাক লাগানো সম্ভব। এর জন্য প্রয়োজন সদিচ্ছা, আত্মবিশ্বাস এবং একনিষ্ঠতা। সাবিরুল আরও বলেন, তরুণদের যাঁর যে বিষয়ে আগ্রহ তাঁর সেই বিষয়েই কাজ করা উচিত। যা করতে মন চায়, তা-ই করা যেতে পারে। তবে লক্ষ্য ও উদ্দেশ্য অবশ্যই নির্দিষ্ট হতে হবে। নতুবা বিচ্যুত হওয়ার আশঙ্কা থেকেই যায়। কোনো ক্ষেত্রেই হতাশ হওয়া যাবে না। হতাশা কখনো সফলতা এনে দিতে পারে না। লক্ষ্যে পৌঁছাতে নানা প্রতিবন্ধকতা আসতে পারে, তাই বলে ভয় পেয়ে পিছু হটা কোনো সমাধান নয়। প্রতিবন্ধকতা মোকাবিলা করে সাফল্যের দোরগোড়ায় যাওয়ার আকাঙ্ক্ষাই কেবল সাফল্য এনে দিতে পারে।
সাবিরুল ইসলাম প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন। এরপর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
আজ বক্তৃতা প্রথম আলোতে: ঢাকায় সাবিরুলের একটি বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। আজ রোববার বেলা সাড়ে তিনটায় রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। সাবিরুলের বক্তৃতা শুনতে ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন ৫০০ তরুণ। যাঁরা নিবন্ধন করতে পারেননি তাঁরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন প্রথম আলো অনলাইনে (www.prothom-alo.com)।