সাফল্য আছে, দৈন্যদশা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের ৫ বছর: জ্বা লা নি খা ত
সরকারের ৫ বছর: জ্বা লা নি খা ত

বর্তমান সরকারের শাসনামলে গ্যাস উত্তোলন বেড়েছে দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুট। জ্বালানির অনুসন্ধান জোরদার হয়েছে। কিন্তু এখনো অপস্রিয়মাণ গ্যাস সম্পদ ও আমদানি করা উচ্চমূল্যের তেলের ওপর প্রায় শতভাগ নির্ভরতা থাকায় জ্বালানি খাতের দৈন্যদশা কাটেনি।
পাঁচ বছর আগের মতোই এখনো বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ালে সার কারখানা বন্ধ রাখতে হয়। সার কারখানা চালু করলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। সিএনজি স্টেশনে রেশনিং চলে সারা বছর। শিল্প-গ্রাহকেরা সঠিক চাপে ও প্রয়োজনীয় পরিমাণে গ্যাস পান না। আবাসিক গ্রাহকের জন্য সহনীয় দামে এলপি গ্যাসের সরবরাহ নিশ্চিত হয়নি। আবাসিক খাতে গ্যাস সরবরাহে সমস্যা লেগেই আছে।
বর্তমান সরকার জ্বালানি বহুমুখীকরণের একটি যুগোপযোগী নীতি নিয়েছে। সে অনুযায়ী বাণিজ্যিক জ্বালানির জন্য শুধু গ্যাস ও তেলের ওপর নির্ভরশীলতার ঝুঁকির মধ্যে না থেকে সব ধরনের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা ছিল। এ ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছে কয়লা।
কিন্তু কয়লা খাতের উন্নয়নে সামান্যতম পদক্ষেপ নিতেও সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতা দেশের কয়লা ব্যবহারের ক্ষেত্রে যেমন, আমদানি করে ব্যবহারের ক্ষেত্রেও তেমনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রণীত কয়লানীতিটি পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি সরকার, যাকে ব্যর্থতা বললেও কম বলা হয়।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সরকারি উদ্যোগ সফল হয়নি। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে গ্রামাঞ্চলে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ (সোলার হোম সিস্টেম) ব্যবহার বিপুলসংখ্যায় সম্প্রসারিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির অন্য কোনো ক্ষেত্রে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই।

এসব কারণে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জ্বালানিস্বল্পতার কারণে প্রতিবছর যে পরিমাণ উৎপাদন ব্যাহত হয়, তার অর্থনৈতিক মূল্য সরকারি হিসাবেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশের বেশি।

এ অবস্থার মধ্যেও চলছে জ্বালানির ব্যাপক অপচয় ও চুরি। বিদ্যুৎ ও সার কারখানায় অপচয়ের পরিমাণ ভয়াবহ। শিল্পে অপচয়ের পাশাপাশি চুরিও চলছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক জরিপের তথ্য অনুযায়ী, তাদের বিতরণ এলাকায় শুধু শিল্পে প্রতিদিন ২৫ কোটি ঘনফুট গ্যাসের অপচয় হচ্ছে, যা সারা দেশের আবাসিক গ্রাহকদের প্রতিদিনের ব্যবহারের প্রায় সমান।

এ ছাড়া বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, দেশের অন্যান্য শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে অপচয় হিসাব করলে প্রতিদিন দেশে গ্যাস অপচয়ের পরিমাণ দাঁড়ায় অন্তত ৪০ কোটি ঘনফুট।

গ্যাস: দেশের প্রধান এই বাণিজ্যিক জ্বালানির আবিষ্কৃত মজুত (প্রমাণিত ও সম্ভাব্য মিলে) প্রায় ২১ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে নয় টিসিএফের বেশি তোলা হয়েছে। বর্তমানে দৈনিক উত্তোলনের পরিমাণ প্রায় ২৩০ কোটি (২৩০০ মিলিয়ন) ঘনফুট। আর দৈনিক চাহিদা প্রায় ৩০০ কোটি ঘনফুট।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, গত বছরই এই চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আসার কথা ছিল। কিন্তু আসেনি। তবে চলতি বছরের মধ্যে প্রবৃদ্ধিসহ বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন।

রাষ্ট্রীয় অনুসন্ধান কোম্পানি (বাপেক্স) এবং উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) অধীনে শেভরন, টাল্লো ও স্যান্টোস নিজ নিজ ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে গ্যাস সঞ্চালনের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করার কার্যক্রমও চালানো হচ্ছে।

বাপেক্সকে শক্তিশালী করার বহুমুখী কার্যক্রম সরকার নিয়েছে। কোম্পানিটির জন্য দুটি নতুন খননযন্ত্র (রিগ) কেনা হয়েছে। আরও একটি কেনার কার্যাদেশ দেওয়া হয়েছে। ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ দল পুনর্গঠন করে তাদের জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। ফলে বাপেক্সের অনুসন্ধান কাজে সাফল্যও এসেছে।

বাপেক্স স্থলভাগে পাঁচ বছরের পরিকল্পনা চূড়ান্ত করে কাজ চালাচ্ছে। সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কনোকোফিলিপস কাজ করছে। আরও কাজের জন্য একাধিক পিএসসি সই প্রক্রিয়াধীন আছে।

কয়লা ও কয়লানীতি: দেশে এ পর্যন্ত আবিষ্কৃত পাঁচটি ক্ষেত্রে মোট মজুত প্রায় ৩০০ কোটি (তিন বিলিয়ন) মেট্রিক টন উন্নতমানের বিটুমিনাস কয়লা। এই কয়লার জ্বালানিমান প্রায় ৭০ টিসিএফ গ্যাসের সমান। এই কয়লা দিয়ে ৫০ বছর ধরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু এই সম্পদ উত্তোলন করে উন্নয়নের কাজে লাগানোর লাগসই পরিকল্পনা করতে সরকার ব্যর্থ হয়েছে।

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তুলে ২৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র চালানো হচ্ছে। কিন্তু বর্তমান পদ্ধতিতে খনিটি থেকে মোট মজুতের ১৫ শতাংশ কয়লা তোলাও সম্ভব হবে না। অবশিষ্ট কয়লা তোলার আর কোনো উপায়ও থাকবে না। অর্থাৎ বিপুল পরিমাণ জাতীয় সম্পদ বিনষ্ট হবে।

সরকারের বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় দেশের খনি থেকে তুলে ও আমদানি করা কয়লা দিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে। কিন্তু দেশের কয়লা তোলার কোনো পদক্ষেপ সরকার নিতে পারেনি। আমদানিরও কোনো চুক্তিপত্র এখন পর্যন্ত হয়নি।

জ্বালানি তেল: কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন প্রভৃতি ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যবহার দীর্ঘদিনের। বর্তমান সরকার প্রায় দুই হাজার মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় তেলনির্ভরতা আরও বেড়েছে। এখন বার্ষিক চাহিদা হয়েছে প্রায় ৬০ লাখ মেট্রিক টন। তেলের ব্যবহার বৃদ্ধি বিদ্যুৎ ও জ্বালানি খাতে দামের অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বিকল্প জ্বালানির সংস্থান না হলে এ অবস্থা থেকে মুক্তি সম্ভব নয়।

নবায়নযোগ্য জ্বালানি: দেশের অধিকাংশ মানুষের বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জ্বালানির উৎস এখনো কাঠ, খড়-কুটা প্রভৃতি (বায়োমাস)। সরকার পরিকল্পনা করেছে—এই ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের। তার অংশ হিসেবে গ্রামাঞ্চলে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে চলছে সৌর ও বায়ুবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ। তবে এই উদ্যোগ দেশের বর্তমান প্রয়োজন মেটাতে কবে নাগাদ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে তা নিশ্চিত নয়।

জানতে চাইলে বিশিষ্ট জ্বালানিবিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ‘জ্বালানি খাতের দৈন্যদশা শিগগিরই কাটার কোনো কারণ দেখছি না। কেননা, এই খাতে বিদেশি বিনিয়োগ কম। দেশের জ্বালানি সম্পদ ব্যবহারেরও যথাযথ পদক্ষেপ নেই। এমনকি গত পাঁচ বছরেও যে কাজ এই খাতে হয়েছে তা প্রয়োজনের তুলনায় মোটেই যথেষ্ট নয়।’ প্রতিবছর অন্তত তিনটি করে গ্যাস অনুসন্ধান কূপ খনন করা দরকার বলে মনে করেন তিনি।